দুই কাভার্ড ভ্যানের চাপায় পিকআপের চালকসহ দুজন নিহত

দুই কাভার্ড ভ্যানের মাঝে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান। রোববার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায়।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে একটি পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়ার সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন (৬৫) ও পিকআপ ভ্যানের চালক নড়াইলের লোহাগড়ার মফিদুল মোল্লা (৩০)।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ সকালে সবজিবাহী একটি পিকআপ ভ্যান ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানের সামনে ছিল একটি কাভার্ড ভ্যান। বেলা ১১টার দিকে মহাসড়কের ডাউটিয়া এলাকায় কাভার্ড ভ্যানটির গতি হঠাৎ কমে যায়। পেছনে থাকা পিকআপ ভ্যানের চালকও গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে আসা আরও একটি কাভার্ড ভ্যান পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি সামনের কাভার্ড ভ্যানে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালকসহ ওই পিকআপে থাকা সবজির ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী বলেন, ঘটনার পর পিকআপ ও পেছনের কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক সামনের কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।