দুই কে‌জি স্বর্ণ উদ্ধার, দুবাইফেরত যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে প্রায় দুই কে‌জি স্বর্ণ উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক ‌বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুবাইফেরত যাত্রী জা‌মিল আহমদ‌কে (২৮) আটক করা হয়েছে। আটক জা‌মিল ব্রাহ্মণবাড়িয়ার কসবার সায়েদাবাদ এলাকার বাসিন্দা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে ওই বিমানবন্দর থেকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ব‌াংলাদেশ বিমান বি‌জি-২৪৮ অবতরণ করে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভি‌ত্তিতে জামিল নামের এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তি‌নি কাস্টমস কর্তৃপক্ষকে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি করে জা‌মিলের পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো ১৪‌টি ও ব‌্যাগের ভেতর থেকে আরও দু‌টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম অলংকার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণগুলোর ওজন ১ হাজার ৯৬০ গ্রাম, যার বাজারমূল‌্য আনুমানিক ১ কো‌টি ২৫ লাখ টাকা।  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এক্সাইজ ও ভ‌্যাট ক‌মিশনারেটের সহকারী ক‌মিশনার মো. আল আমিন বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তাঁকে পু‌লিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ রা‌ষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।