দুই গরুর নাম ভদ্র আর দুষ্টু, দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ
শখ করে দুই গরুর নাম রাখা হয়েছে ভদ্র ও দুষ্টু। শান্ত স্বভাবের হওয়ায় একটির নাম ভদ্র। আর চঞ্চল বলেই অন্যটির নাম দেওয়া হয়েছে দুষ্টু। গরু দুটির মালিক রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের খামারি রওশানুল ইসলাম (৩৮)।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। রওশানুল ইসলাম দুই গরুর মধ্যে ভদ্রর দাম হাঁকছেন ১৫ লাখ, আর দুষ্টুর দাম ১০ লাখ টাকা।
খামারি রওশানুল বলেন, তিনি ছয় বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি পালন করে বড় করেছেন। স্বভাবে শান্ত প্রকৃতির হওয়ায় গরুটির নাম দিয়েছেন ভদ্র। আর চার বছর থেকে লালন–পালন করা ফ্রিজিয়ান ক্রস জাতের অন্য গরুটির নাম দিয়েছেন দুষ্টু। এ দুটি গরু ছাড়াও খামারে তাঁর আরও ১০টি বিভিন্ন জাতের গরু রয়েছে।
হাটে না তুললেও খামারেই গরু দুটি দেখতে মানুষ ভিড় করছেন। সেই সঙ্গে দূরদূরান্ত থেকেও ক্রেতারা আসছেন। ভদ্রের দাম ১৫ লাখ টাকা চাওয়া হলেও এখন পর্যন্ত ১০ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। আর দুষ্টুর দাম ১০ লাখ হাঁকানো হলেও ৭ লাখ টাকা পর্যন্ত দাম বলছেন ক্রেতারা। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরু দুটি বিক্রি হবে বলে আশা করছেন রওশানুল।
সরেজমিনে দেখা যায়, রওশানুল নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভদ্র নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। একইভাবে নাম ধরে ডাকলে দুষ্টুও সাড়া দেয়। তবে রওশানুলের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ নাম ধরে ডাক দিলে তেমন কোনো সাড়াশব্দ করে না গরু দুটি।
রওশানুল বলেন, বড় গরুতে কমপক্ষে ৪০ মণ ও ছোট গরুতে ৩০ মণ মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরও গরু দুটি কিনতে ক্রেতারা আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু আরও একটু বড় করে বেশি দাম পাওয়ার আশায় গত বছর বিক্রি করা হয়নি। এবার ভালো দাম পাওয়া যাবে।