দুই গ্রামের ভরসা একটি নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা রাজ মঙ্গল কার্বারিপাড়া ও নতুনপাড়া। এই দুটি গ্রামে ৬১টি পরিবারের বসবাস। এই পরিবারগুলোর সুপেয় পানির একমাত্র উৎস একটি মাত্র নলকূপ। তা-ও সেখান থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। বর্ষার সময় বৃষ্টির পানি ধরে রেখে সংকট কিছুটা মেটানো যায়। কিন্তু শীত এলেই বেড়ে যায় দুই গ্রামের মানুষের পানির ভোগান্তি। 

মাটিরাঙ্গা তবলছড়ি বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজ মঙ্গল কার্বারিপাড়ায় একমাত্র নলকূপটির অবস্থান। ১৯ জানুয়ারি দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, একটি মাত্র নলকূপে পানি উঠছে সামান্য।
নতুনপাড়া থেকে পানি নিতে আসা রিতিন প্রিয়া ত্রিপুরা বলেন, এখন সামান্য হলেও পানি পাওয়া যাচ্ছে। তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে নলকূপেও পানি ওঠা বন্ধ হয়ে যায়। তখন বাধ্য হয়ে ছড়া থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়।
স্থানীয় গ্রামবাসীরা জানান, দুই গ্রামের লোকজন মিলে বিভিন্ন জায়গায় নলকূপ বসানোর চেষ্টা করেছেন। কিন্তু পাথর থাকায় ও পানির স্তর না পাওয়ায় নলকূপ বসানো সম্ভব হয়নি। এক কিলোমিটার দূরে ছোট পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে পানি ধরে রেখে ব্যবহার করতে হচ্ছে। তবে শুষ্ক মৌসুমে ছড়ার পানি শুকিয়ে গেলে সংকট আরও বেড়ে যাবে।
রাজ মঙ্গল কার্বারিপাড়ার দুই বাসিন্দা রেনু বেগম ও লাইলা বেগম বলেন, তাঁদের বাড়ি এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ের ওপর। দুপুর বেলায় পাহাড় বেয়ে প্রতিদিন তাঁদের দুবার আসতে হয় পানি সংগ্রহের জন্য।
এলাকার কার্বারি রাজ মঙ্গল ত্রিপুরা বলেন, পানি সংকটের কারণে প্রায় সময়ই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ঝামেলা হতো। এই ঝামেলা মাঝেমধ্যে বিচার পর্যন্ত গড়াত। গত নভেম্বরে দুই গ্রামের প্রতিটি বাড়িতে বলে দেওয়া হয়েছে লাইনে দাঁড়িয়ে পানি নেওয়ার জন্য।
২ নম্বর তবলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সাধারণত নলকূপ ও রিংওয়েল দেওয়া হয়। সেগুলো ৫০-৬০ ফুটের বেশি নয়। নলকূপ ও রিংওয়েল বসিয়ে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানি পাওয়া যায়নি। এ ছাড়া কিছু এলাকায় পাথর থাকার কারণে নলকূপই বসানো সম্ভব হয়নি। এই দুই এলাকায় গভীর নলকূপ বসানো হলে সারা বছর পানি পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য আবু দাউদ প্রথম আলোকে বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকায় মাইলের পর মাইল দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদ যদি কাজ করে তাহলে সুপেয় পানির কষ্ট কিছুটা কমত।
এদিকে মাটিরাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আইয়ুব আলী আনসারি বলেন, মাটিরাঙ্গায় দুর্গম ও পাহাড়ি এলাকায় সাত ফুটের নিচে পাথর থাকার কারণে নলকূপ ও রিংওয়েল বসানো সম্ভব হচ্ছে না। প্রকৌশল বিভাগ থেকে নতুন প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে ব্যবস্থা নেওয়া হবে।