ফরিদপুরে পদ্মার ভাঙন
দুই গ্রামের ৬৫টি বসতভিটা, ফসলি জমি বিলীন
১৭ জুলাই রাতে ওই এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। টানা তিন দিন ভাঙন তীব্র ছিল। এখন তীব্রতা কমে এলেও ভাঙন অব্যাহত রয়েছে।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী ও আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রাম পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। ইতিমধ্যে সেখানকার ৬৫টি বসতভিটাসহ সড়ক, ফসলি জমি বিলীন হয়ে গেছে। আরও অর্ধশত পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাতে ওই এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। টানা তিন দিন ভাঙন তীব্র ছিল। গত বুধবার থেকে তীব্রতা কমে এলেও ভাঙন অব্যাহত রয়েছে।
গত শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ওই দুটি গ্রামে গিয়ে ভাঙনের চিত্র চোখে পড়ে। নাজির বিশ্বাসের ডাঙ্গী থেকে শুরু হয়ে পূর্ব দিকে আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় ভাঙন বিস্তৃত রয়েছে। সেখানে এক কিলোমিটার দৈর্ঘ্যে অন্তত দেড় শ মিটার প্রস্থ হয়ে ভেঙে গেছে।
সরেজমিন দেখা যায়, সড়কের ওপর ভেঙে ফেলা বাড়ির টিন, কাঠসহ আসবাব স্তূপ করে রাখা হয়েছে। অনেকে সড়কের ওপর নতুন করে ঘর তুলেছেন। বেশির ভাগ ঝুপড়ি ঘর তৈরি করে থাকছেন।
ওই দুটি গ্রামে অন্তত পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গ্রামের বেশির ভাগ লোক ইটভাটায় কাজ করেন। দুটি ইটভাটা রয়েছে দুটি গ্রামে। ওই ভাটা দুটি হুমকির মুখে রয়েছে।
নাজিব বিশ্বাসের ডাঙ্গী গ্রামের বাসিন্দা নৌকাচালক সেলিম ফকির (৩৭) বলেন, ‘গাঙ শোসাইতে শোসাইতে ভাইঙ্গা আমার ঘরের দিকে আগায় আসতেছে। চিৎকার–চেঁচামেচি কইরা আশপাশের লোকদের জাগায় তুলি। পরে সকলে ঘর ভাইঙ্গা সরাতে শুরু করি। এর মধ্যে কয়েকটি ঘর নদীতে বিলীন হয়ে যায়।’
একই গ্রামের বাসিন্দা ইটভাটার শ্রমিক আমেরজান বেগম (৪২) বলেন, ‘গত সোমবার সকালে একটি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। সাহায্য দেওয়া তো দূরের কথা, কেউ আমাদের দেখতেও আসেনি। এইবার যে ক্যামনে ঈদ কাটাইছি, তা আমারই জানি।’
ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বর্তমানে ভাঙনের গতি কম। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। প্রত্যেককে সাহায্য দেওয়া হবে। যাঁদের ঘরবাড়ি ভেঙে গেছে বা ভেঙে ফেলতে হয়েছে, তা কোথায় এবং কোন প্রক্রিয়ায় তুলে দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদরের ইউএনও মাসুম রেজা বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বলা হয়েছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের তালিকা করে সাহায্য দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ভাঙন রোধে কী পদক্ষেপ নেওয়া যায়, তা সরেজমিন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেবেন।