দুই ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই
বুকে ব্যথা উঠে বড় ভাইয়ের মৃত্যুর দুই ঘণ্টা পর একইভাবে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা দুজনই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসক।
মারা যাওয়া দুই ভাই হলেন মোহাম্মদপুর গ্রামের জামির খাঁর বড় ছেলে মিলন খাঁ (৬৪) ও ছোট ছেলে ইউনুস খাঁ (৫৫)।
তাঁদের ছোট ভাই জামাল মিয়া বলেন, ‘আজ (শনিবার) দুপুরে জোহর নামাজ পড়ে বাড়িতে ফেরেন বড় ভাই মিলন। এর পরপরই তাঁর বুকে ব্যথা উঠলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। আমরা বড় ভাইয়ের লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে বিকেল চারটার দিকে আমার আরেক ভাই ইউনুস খাঁও বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।’
জামাল মিয়া বলেন, ‘আমরা পাঁচ ভাই ও দুই বোন। এর মধ্যে এক দিনেই দুই ভাইকে হারালাম। পরিবারের সবাই শোকে কাতর হয়ে আছি।’
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি (ইউনুস খাঁ) মারা যান। যা শুনেছি, তাতে তাঁদের দুই ভাইই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’