দুই চোখ ফেরত চান শাহজালাল
খুলনা মহানগরের গোয়ালখালী রেললাইন এলাকার যুবক মো. শাহজালাল বলেছেন, তিনি পুলিশের নির্যাতনে দুই চোখ হারিয়েছেন। টাকা না দেওয়ায় ২০১৭ সালের ১৮ জুলাই পুলিশ তাঁর চোখ তুলে ফেলে। তিনি দুই চোখ ফেরত চেয়েছেন। সেই সঙ্গে অপরাধীদের শাস্তি দাবি করেন।
যশোরের বেনাপোলের কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনকে ফেরত চেয়েছেন তাঁর বড় ভাই মো. রিপন হোসেন। রিপন বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট পুলিশ তাঁর ভাইকে ধরে নেয়। এরপর তাঁকে আর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা নগরের জাতিসংঘ পার্কের সামনে আয়োজিত মানববন্ধনে শাহজালাল ও রিপন এসব দাবি করেন। ‘অধিকার’ নামের একটি মানবাধিকার সংগঠনের খুলনা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন সংগঠনটির খুলনার ফোকাল পারসন মুহাম্মদ নূরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গুম, খুন অব্যাহত রয়েছে। বাক্স্বাধীনতা নেই। কথা বলার অধিকার নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। বিরোধী মত ও সভা-সমাবেশের সুযোগ নেই। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারের একদলীয় শাসন, কর্তৃত্ব, নির্যাতন-নিপীড়ন এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দমন-পীড়ন চলছে। বঞ্চিত কেউ ন্যায্য অধিকার ফিরে পেতে রাজপথে নামলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-মামলা-গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন। সর্বত্রই লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, হরণ করা হচ্ছে মানবতা। এর থেকে পরিত্রাণ চান তাঁরা।