দুই ছাত্রী নিহতের চার দিন পর সড়কে গতিরোধক স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়িতে গাড়িচাপায় দুই স্কুলছাত্রী নিহতের পর সড়কে গতিরোধক স্থাপন করা হয়। গতকাল রোববার ফটিকছড়ি-হেয়াঁকু সড়কের পেলাগাজী দিঘিপাড় এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হওয়ার চার দিন পরে ওই সড়কে গতিরোধক স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ। আজ সোমবার উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং ইউনিয়নের পেলাগাজী মোড়ে সড়কের দুই পাশে এ গতিরোধক বসানো হয়। গত শনিবার সেখানে গতিরোধক বসানোর কাজ শুরু হয়। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও হাইদচকিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ গতিরোধক বসানোর দাবি জানিয়ে আসছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হলেও দুর্ঘটনা রোধে গতিরোধক কার্যকরী ব্যবস্থা নয় বলে মনে করেন সড়ক ও জনপথের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সোমবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা রোধে গতিরোধক শতভাগ কার্যকর কোনো ব্যবস্থা নয়। এ জন্য পথচারী ও গাড়ির চালকদের সচেতনতায় বেশি জরুরি। তবু যেহেতু স্থানীয় লোকজন দাবি তুলেছেন, তাই গতিরোধক স্থাপন করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিনুল হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গতিরোধক বসাতে সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছিল। তারা গতি কমাতে ওই গতিরোধক বসানোর কাজ আজ শেষ করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আরও বেশ কিছু দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। এসব বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে বলে জানান তিনি।

গতিরোধক বসানোয় সন্তুষ্টি প্রকাশ করে হাইদচকিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি গোলাম নুর প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। মেয়ে দুটিকে মেরে ফেলার পর আমাদের দাবি পূরণ হয়েছে। আগে করলে চোখের সামনে দুই ছাত্রীর নির্মম মৃত্যু দেখতে হতো না। গতিরোধক দেওয়ায় এখন ধীরগতিতে গাড়ি চলবে। শিক্ষার্থীরা সহজে সড়ক পারাপার করে স্কুলে আসা–যাওয়া করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘গাড়িচাপায় দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় আগামীকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের অনুরোধে আমরা সেটি সাময়িকভাবে স্থগিত করেছি। আমাদের সব দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

আরও পড়ুন

এদিকে স্কুল থেকে ফেরার পথে চোখের সামনে দুই বান্ধবীর মৃত্যুকে খুব কাছ থেকে দেখা আরব আমিরাতপ্রবাসী নুরুল আবসারের মেয়ে সিমিকা আফসিন (১৬) এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। নির্বাক দিন কাটাচ্ছে মেয়েটি। বাড়িতে কারও সঙ্গে কথা বলছে না। কেউ তাকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে কান্না আর জ্ঞান হারিয়ে ফেলছে। গত শনিবার তার বাড়িতে গিয়ে খবর নিলে চাচা মোবারক হোসেন বলেন, সিমিকাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শে সিমিকাকে কারও সামনে আনা হচ্ছে না। বেশির ভাগ সময় ঘুমেই কাটছে তার।

আরও পড়ুন

গত বুধবার ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধানবোঝাই একটি চাঁদের গাড়ি সড়কের পাশে দুই ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহত দুই স্কুলছাত্রী হাইদচকিয়া বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় আবুল কালামের মেয়েমিশু আকতার ও মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি। দুর্ঘটনার পর এলাকাবাসী প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করে গতিরোধক বসানোর দাবি ও ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছিল। এ ছাড়া দুর্ঘটনা রোধে ও শিক্ষার্থীদের সহজে সড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে গতিরোধক বসানোর দাবি জানিয়ে আসছিল স্কুল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম কার্যালয়ের তত্ত্বাবধানে এই গতিরোধক বসানো হয়। পাশাপাশি গত রোববার রাতে চাঁদের গাড়িচালক মুহাম্মদ আলা উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ এবং ঘটনার দুই দিন পরে চাঁদাবাজিতে অভিযুক্ত ট্রাফিক পুলিশের টিআই নিখিল বিকাশ চাকমা ও সার্জেন্ট আল আমিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।