দুই ছাত্রী হত্যার প্রতিবাদে দুই জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামছুর রহমান কলেজের শিক্ষার্থী আয়না বেগমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয় l প্রথম আলো
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামছুর রহমান কলেজের শিক্ষার্থী আয়না বেগমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয় l প্রথম আলো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলেজছাত্রী সুপ্রিয়া গাইন ও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কলেজছাত্রী আয়না বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার পৃথক এ কর্মসূচি থেকে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

কোটালীপাড়ার ধারাবাশাইল বাজারে গতকাল বেলা ১১টার দিকে মানববন্ধন হয়। এতে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের শিক্ষক মিন্টু রায়, আলী আশ্রাফ, শফিকুল ইসলাম, নিলিমা বৈদ্য, বুলবুল ইসলাম, বুলেট টিকাদার, সুজিৎ মণ্ডল, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অনাদী বৈরাগী, শিক্ষার্থী ইমরান হোসেন, বর্ণা বৈরাগী প্রমুখ। বক্তারা হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।

১৩ আগস্ট কোটালীপাড়ার ভেন্নাবাড়ী গ্রামের একটি মাছের ঘেরের পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সুপ্রিয়া গাইনের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর মা নয়ন গাইন ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি অশোক বল্লভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে কলেজছাত্রী আয়না বেগম হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুরা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মানববন্ধন হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে স্থানীয় সিধলকুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কর্মসূচি চলাকালে গোসাইরহাট-শরীয়তপুর সড়ক অবরোধ করে সিধলকুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা তিনটি ইজিবাইক ভাঙচুর করে।

গোসাইরহাট উপজেলা সদরের শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আয়না বেগমের (২০) লাশ ১০ আগস্ট উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার চরসামন্তসার গ্রামের জসিম মাদবরের স্ত্রী এবং ডামুড্যা উপজেলার চরসিধলকুরা গ্রামের আলতাফ ফকিরের মেয়ে।

আলতাফ ফকিরের অভিযোগ, বাবার বাড়ি থেকে টাকা আনতে আয়নাকে বিভিন্ন সময়ে চাপ দিতেন জসিম মাদবর। এর জের ধরেই খুন হয়েছেন আয়না। তিনি গোসাইরহাট থানায় হত্যা মামলা করতে গেলেও পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা নেয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ায় হত্যা মামলা নেওয়া হয়নি। আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়ে তদন্ত করা হচ্ছে। জসিমসহ অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।