দুই ট্রাকের পাল্লায় প্রাণ গেল মামার, ভাগনে আহত
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালককে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর দাদশী ইউনিয়নের গোপীনাথদিয়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল বিশ্বাস (২৮)। তিনি জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লতিফ বিশ্বাস। আহত ব্যক্তির নাম সোহাগ বিশ্বাস। তিনি নিহত বাবুল বিশ্বাসের ভাগনে।
হাসপাতালে পৌঁছানোর আগেই বাবুল মারা গেছেন। আহত অপরজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ বিশ্বাস বলেন, বাবুল ওমানপ্রবাসী। মাস দুয়েক আগে ওমান থেকে দেশে ফিরেছেন। তিনি অসুস্থ ছিলেন। কিছুদিন আগে রাজশাহীতে এক চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য মোটরসাইকেলে ভাগনে সোহাগকে সঙ্গে নিয়ে ঢাকায় যান। আজ বাড়িতে ফিরছিলেন। রাস্তায় গোপীনাথদিয়া এলাকায় বিপরীত দিক থেকে সন্ধ্যায় দুটি ট্রাক পাল্লা দিয়ে আসছিল। বিপদ আঁচ করতে পেরে তাঁরা রাস্তার এক পাশে চেপে যান। রাস্তায় খোয়া রাখা ছিল। ট্রাকের ধাক্কায় মোটরবাইকের চাকা স্লিপ করে। এ সময় বাবুল পেছন থেকে পড়ে যান। আহত অবস্থায় সোহাগ তাঁর মামাকে একটি ইজিবাইকে নিয়ে সদর হাসপাতালে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বিশ্বাস বলেন, মোটরসাইকেল আরোহী বাবুল ট্রাকের ধাক্কায় পেছন থেকে পড়ে যান। তাঁর পায়ের ওপর দিয়ে ট্রাকটি চলে গেছে। পরে হাসপাতালে আসার পর বাবুলকে মৃত ঘোষণা করা হয়। ট্রাকটি পালিয়ে গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই বাবুল মারা গেছেন। আহত অপরজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।