দুই ট্রেন দেখে ছোটাছুটি করতে করতে কাটা পড়ে মরলেন দুই নারী
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটায় উপজেলার খঞ্জনা এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার ভাদার্ত্তী এলাকার কবিরের স্ত্রী জেসমিন বেগম (৪২) ও একই উপজেলার বড়নগর এলাকার কামরুল ইসলামের স্ত্রী শাহীনুর আক্তার (২৫)। নিহত দুজনেই ভাদার্ত্তী এলাকার হা-মীম গ্রুপের একটি কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে জেসমিন ও শাহীনুর দুজন একসঙ্গে রেললাইনের ওপর দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। এ সময় সেখানকার দুই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী সুরমা ট্রেন অতিক্রম করছিল। এ সময় দুই নারী বিভিন্ন দিকে ছোটাছুটি করে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম জানান, ওই দুই নারী কারখানায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই নিহতদের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাইদুল ইসলাম জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই দুই নারী সুরমা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।