দুই ট্রেনের বগি মেরামতে বিক্রি হচ্ছে না টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন
ফাইল ছবি

নির্ধারিত বগি না থাকায় নীলফামারী স্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যেতে দুর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয় যাত্রীদের। সীমান্ত ও রূপসা এক্সপ্রেস নামের দুটি ট্রেনে নীলফামারীর যাত্রীদের জন্য বরাদ্দ দুটি বগি অকেজো হয়ে আছে প্রায় এক মাস ধরে।

এই দুটি ট্রেনে এখন নীলফামারী থেকে যশোর ও খুলনা যাওয়ার কোনো টিকিট বিক্রি হচ্ছে না। গতকাল সোমবার সকালে নীলফামারী স্টেশনে গিয়ে দেখা যায়, খুলনা ও যশোরগামী যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে ভিড় করে আছেন। কিন্তু তাঁদের কাছে আসনের বিপরীতে টিকিট বিক্রি করা হচ্ছে না।

এ সময় কথা হয় যাত্রী আবদুর রহমানের (৫৫) সঙ্গে। তিনি বলেন, তিনি আন্তনগর রূপসা এক্সপ্রেসে করে খুলনায় যাওয়ার জন্য জলঢাকা থেকে সকালে নীলফামারী স্টেশনে আসেন। এরপর জানতে পারেন, খুলনার কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

একই গন্তব্যের যাত্রী সাদ্দাম আলী (৩০), আবু বক্কর সিদ্দিক (৪০) ও নুরে আলম (৪৫) বলেন, নীলফামারী থেকে দুটি আন্তনগর ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কিন্তু প্রায় এক মাস ধরে খুলনা ও যশোরের কোনো আসনের বিপরীতে টিকিট বিক্রি হচ্ছে না।

নীলফামারী রেলস্টেশনের স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, নীলফামারী থেকে সকাল ৯টা ৫ মিনিটে আন্তনগর রূপসা ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ছেড়ে যায়। ওই ট্রেন দুটির দুটি বগি অকেজো হওয়ায় মেরামতের জন্য গত ২৩ ডিসেম্বর কারখানায় পাঠানো হয়েছে। বিকল্প বগি না দেওয়ায় ওই পথের যাত্রীদের আসন দেওয়া যাচ্ছে না।

নীলফামারী রেলস্টেশনের বুকিং সহকারী শামীম হোসেন বলেন, নীলফামারী স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, নাটোর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, যশোর, খুলনার যাত্রীদের জন্য রূপসা ট্রেনে আসন বরাদ্দ আছে ৫৫টি। সীমান্ত এক্সপ্রেসে ৭৭টি। বগি মেরামতের জন্য পাঠানোয় রূপসা এক্সপ্রেসে নাটোরের ১০, চুয়াডাঙ্গার ৫ ও পোড়াদহের ৫টি আসন দেওয়া যাচ্ছে।

এ ছাড়া সীমান্ত এক্সপ্রেসে সান্তাহারের ৫, নাটোরের ৫, ঈশ্বরদীর ৫, ভেড়ামারার ৫, পোড়াদহের ৫ ও চুয়াডাঙ্গার ৫টি আসন দেওয়া যাচ্ছে। ওই দুই ট্রেনে খুলনা ও যশোরের কোনো আসন দেওয়া যাচ্ছে না। অনেকে জরুরি প্রয়োজনে ভেঙে ভেঙে টিকিট করে গন্তব্যে যাচ্ছেন।