দুই ট্রেনের শিডিউল বিপর্যয়, ৯ থেকে ১৩ ঘণ্টা বিলম্বে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-খুলনা ও ঢাকা–বেনাপোল রেলপথের সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

খুলনা-ঢাকা ও বেনাপোল-ঢাকা রেলপথে চুয়াডাঙ্গা দিয়ে চলাচল করা সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। গতকাল শনিবার থেকে ট্রেন দুটি ৯ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রেলওয়ে কর্মকর্তারা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গত শুক্রবার রাত ১০টায় পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। বগি দুটি উদ্ধারের ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যে কারণে এই ট্রেন দুটি উভয় পথে (আপ-ডাউন) চলাচলে বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা রেলস্টেশনে আজ রোববার সকাল ৯টায় কথা হয় মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. সালেকীনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়টি তিনি জানতেন না। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে স্টেশনে এসে বসে আছেন। সকাল ৯টায়ও কেউ সঠিকভাবে বলতে পারছে না ট্রেন কখন পৌঁছাবে, কখন ছাড়বে।

আ হ ম শামীমুজ্জামান নামের জেলা পর্যায়ের একটি সরকারি দপ্তরের কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দাপ্তরিক জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য গতকাল দিবাগত রাত দেড়টা থেকে আলমডাঙ্গা রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকেও তিনি জানতে পারেননি কখন ট্রেন আসবে।

চুয়াডাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন থেকে ছাড়ার সময় ছিল গতকাল ভোর ৫টা ৩৫ মিনিটে। ট্রেনটি ১১ ঘণ্টা বিলম্বে বিকেল ৪টা ৩৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার পথে চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার সময় ছিল গতকাল বেলা ৩টা ১৫ মিনিট। ট্রেনটি প্রায় ১৩ ঘণ্টা বিলম্বে আজ ভোররাত ৪টা ৮ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার সময় ছিল গতকাল বেলা ২টা ৪৫ মিনিট। ট্রেনটি প্রায় ১২ ঘণ্টা বিলম্বে গতকাল দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। একই ট্রেন খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে চুয়াডাঙ্গা স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিট। ট্রেনটি ৯ ঘণ্টা ১৩ মিনিট বিলম্বে আজ সকাল ১০টা ৮ মিনিটে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা রেলস্টেশন ত্যাগ করে।

এদিকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলাচলকারী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে খুলনা-ঢাকা রেলপথের আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটির চলাচলেও প্রভাব পড়েছে। ঢাকা থেকে খুলনায় যাওয়া এই ট্রেন গতকাল দিবাগত রাত ১টায় চুয়াডাঙ্গা স্টেশন অতিক্রম করার কথা থাকলেও ট্রেনটি ৩ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে আজ ভোররাত ৪টা ২০ মিনিটে ছেড়ে যায়।

চুয়াডাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার নাসরিন ফারহানা প্রথম আলোকে বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি উভয় পথে (আপ-ডাউন) ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়ে। যে কারণে ট্রেন দুটির শিডিউল মেলানো সম্ভব হয়নি। তবে সাপ্তাহিক বন্ধের পর আগামী বুধবার থেকে সুন্দরবন এবং বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।