দুই দিনের মাথায় কুমিল্লায় করোনা শনাক্তের রেকর্ড ভাঙল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে
ফাইল ছবি

কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত মঙ্গলবার জেলায় এক দিনে সর্বোচ্চ ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত পাঁচ দিনে ১০ হাজার ৫৭৯টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়। পাঁচ দিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের গড় হার ৩৯ দশমিক ৭ শতাংশ। এই পাঁচ দিনে করোনা আক্রান্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার ২ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষা করে ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ দশমিক ১ শতাংশ। এই সময়ে করোনায় মারা গেছেন ১৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ২৮১ জন, আদর্শ সদর ৩১, বরুড়া উপজেলার ৪৪ জন, দেবীদ্বারে ৩৫, মুরাদনগরে ৮৪ জন, দাউদকান্দিতে ৯০ জন, নাঙ্গলকোটে ৪৩ জন, চৌদ্দগ্রামে ৬৬ জন, বুড়িচংয়ে ৪১ জন, চান্দিনায় ১৭ জন, মনোহরগঞ্জে ২৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন, লাকসামে ৫৯ জন, লালমাইয়ে ১১ জন, সদর দক্ষিণে ১৯ জন, হোমনায় ৩২ জন, মেঘনায় ২১ জন ও তিতাসে ১৪ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরুড়া উপজেলায় তিনজন; সিটি করপোরেশন, আদর্শ সদর ও চান্দিনায় দুজন করে এবং চৌদ্দগ্রাম, দেবীদ্বার, নাঙ্গলকোট, মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন।

এর আগে গতকাল বুধবার ২ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ১ শতাংশ। গত মঙ্গলবার ২ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮৫৩ জনের। শনাক্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। গত সোমবার ২ হাজার ৩৪৯ জনের মধ্যে করোনা পজিটিভ ছিল ৮৩৫ জনের। রোববার শনাক্ত ছিল ৭০১ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আলী বলেন, প্রতিদিন আইসিইউ ও হাই ফ্লো নাজাল ক্যানুলার জন্য রোগীর স্বজনদের চাপ সামলাতে হচ্ছে। সবাইকে প্রত্যাশিত আইসিইউ, হাই ফ্লো নাজাল ক্যানুলাও দিতে পারছেন না। ৫০ জনের মতো সংকটাপন্ন রোগী সিরিয়ালে আছেন।

কুমিল্লা জেলায় এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯ জনের প্রতিবেদন পাওয়া গেছে। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন ২৭ হাজার ৩২৮ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৯৯ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, পাঁচ দিন ধরে শনাক্তের হার ঊর্ধ্বমুখী। সর্বত্রই রোগীর চাপ বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে রোগীদের চাপ সামলাতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার জন্য তাঁরা মানুষকে অনুরোধ করছেন।