দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গেল শিশুটির
নরসিংদীতে বিবদমান দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে স্বপন মিয়া নামের একটি শিশু। গতকাল বুধবার সকালে শহরের সাটিরপাড়া এলাকার বকুলতলা মহল্লায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে এলোপাতাড়ি গুলিবিনিময়ে একজন নারীসহ পাঁচ পথচারীও গুলিবিদ্ধ হন।
নিহত শিশু স্বপন মিয়া (১২) রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকার খোরশেদ মিয়ার ছেলে। স্বপন স্থানীয় রংধনু পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করত।
গুলিতে আহত পথচারীরা হলেন সদর উপজেলার শীলমান্দি এলাকার লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (৪২), সাটিরপাড়া এলাকার রাখাল সাহার ছেলে স্বপন সাহা (৩৩), বকুলতলা এলাকার নকুল সাহার মেয়ে বিউটি সাহা (৪২), আলী আজমের ছেলে শওকত হোসেন (৪৪) ও সুবেদার আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫)। আহত এই পথচারীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে শহরের শফিকুল ইসলাম ওরফে শফিকের সমর্থক ও ভূঁইয়া সোহেলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বকুলতলা মহল্লায় শফিক ও তাঁর ৩০-৩৫ জন সমর্থক সশস্ত্র¨অবস্থান নেন। একই সময় তিনটি মোটরসাইকেলে চড়ে প্রতিপক্ষের সাত অস্ত্রধারী সেখানে এলে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষকালে এলোপাতাড়ি গুলিতে ওই শিশু এবং অপর পাঁচ পথচারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা শহীদ বলেন, ‘গুলিবিদ্ধ ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় আমাদের এখানে নিয়ে এসেছিলেন।’
সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে ভূঁইয়া সোহেল বেলা দুইটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে এ ঘটনায় জড়ানো হচ্ছে। এ ঘটনার কিছুই আমি জানি না। আমার ধারণা, শফিকের পক্ষের লোকজন টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। ঘটনার সময় আমি বাসায় ছিলাম। আমার কোনো লোক এতে জড়িত নয়।’
এ ব্যাপারে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ‘কোন কোন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। কী কারণে সংষর্ষ হয়েছে, তা-ও জানা যায়নি।’ সংঘর্ষে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা দুই ব্যক্তির বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।