বান্দরবানের লামার বরিশালপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের গত শুক্রবার সন্ধ্যায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় উপজেলা প্রশাসন। কিন্তু রাতে কয়েকটি পরিবার আবারও ফিরে যায় নিজেদের ঘরে। রাত দেড়টার দিকে পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিহত হন তিন পরিবারের ছয়জন। আহত হন আরও চারজন।
নিহত ব্যক্তিরা হলেন বশির আহমদ (৬০), তাঁর ছেলে মোহাম্মদ সাগর (১৮), মেয়ে রোজিনা আক্তার (৩০), রোজিনার ছেলে সাজ্জাদ (৩) ও মেয়ে ফাতেমা আক্তার (৮) এবং আমেনা বেগম (৩২)। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বশির আহমদের স্ত্রী সেতারা বেগম, আমেনা বেগমের ছেলে মোহাম্মদ আরাফাত এবং দানুমিয়া ও তাঁর স্ত্রী জয়তুন বেগম।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পাহাড়ের পাদদেশে পাশাপাশি কয়েকটি কাঁচা ঘরে ওই পরিবারগুলো বাস করত। গভীর রাতে পাহাড় ধসে পড়ার সময় তাঁরা ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন। দুর্ঘটনার পর এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রথমে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুজন তখনো নিখোঁজ ছিলেন। তাঁদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে বিকেল সাড়ে চারটার দিকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
পাহাড়ধসের ঘটনায় অল্পের জন্য রক্ষা পান রোজিনা আক্তারের স্বামী সাদ্দাম হোসেন। তাঁকে উদ্ধৃত করে উদ্ধারকারীরা জানান, ঘুমন্ত অবস্থায় তাঁর গায়ে মাটির বিশাল টুকরো এসে পড়লে জেগে ওঠেন তিনি। তখন দেখেন ঘরের একাংশ মাটিচাপা পড়েছে। স্ত্রী রোজিনা আক্তার ও তাঁর দুই শিশুসন্তানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই বিশাল মাটির টুকরো তাঁর গায়ে পড়ায় ছিটকে পড়ে যান তিনি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ প্রথম আলোকে জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। শুক্রবার সন্ধ্যায় বরিশালাপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকরীদের নেওয়া হয়। কিন্তু কয়েকটি পরিবার রাতে গোপনে আবার বাড়ি ফিরে যায়।
বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর জানান, পাহাড়ধসে নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার ও আহত পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।