দুই পাঙাশ ও এক কাতলা বিক্রি হলো ৫৫ হাজার টাকায়
পদ্মা ও যমুনার মোহনায় দুই জেলের জালে ধরা পড়া দুটি পাঙাশ ও একটি কাতলা মাছ ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। এর মধ্যে পাঙাশ দুটি ৩২ হাজার ৮০০ টাকায় এবং কাতলা মাছটি ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। আজ রোববার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ তিনটি বিক্রি হয়েছে।
আজ ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জাহিদ হোসেন জাল ফেলে একটি বড় পাঙাশ ও একটি বড় কাতলা মাছ পান। মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছবাজারে নিয়ে আসেন জাহিদ। ওজন মেপে দেখা যায়, পাঙাশ ও কাতলা দুটির ওজন প্রায় ১৬ কেজি করে। এরপর মাছ দুটি নিলামে তোলা হলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকায় পাঙাশ আর ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২০ হাজার ৮০০ টাকায় কাতলা মাছটি কিনে নেন শাকিল-সোহান মাছের আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ।
একই বাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় ১০ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ কেনেন শাহজাহানের ব্যবসায়িক অংশীদার নুরু শেখ। দুপুরে মুঠোফোনে এই দুই মাছ ব্যবসায়ী জানান, তাঁরা মাছ তিনটি ঢাকার দুই পার্টির কাছে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। এর মধ্যে ১৬ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে এবং ১৬ কেজি ওজনের কাতলা মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। অন্যদিকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে অপর পাঙাশটি বিক্রি হয়েছে।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে পানি বাড়তে থাকায় মাছ এখন সহজলভ্য নয়। তবে এরই মধ্যে গতকাল শনিবার রাতে দুই জেলের জালে তিনটি বড় আকারের মাছ ধরা পড়ে। জেলেরা ধারণা করছেন, নদীর পানি কমতে শুরু করলে আরও বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, কয়েক দিন আগে নদীতে বেশ কয়েকটি বড় বাগাড় মাছ ধরা পড়েছিল। এ ছাড়া কয়েক দিনে তেমন ভালো কোনো মাছ ধরা পড়েনি। তবে কয়েক দিন পর তিনটি বড় আকারের পাঙাশ ও কাতলা মাছ ধরা পড়া আনন্দের খবর। সামনে ভরা বর্ষা মৌসুমে আরও বড় মাছ ধরা পড়বে বলে আশা করা যায়।