কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে ভিয়েতনামের ইনব্রিড নারকেল চারা রোপণ করা হবে।
সূত্র জানায়, জেলা পরিষদের তত্ত্বাবধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারকেল চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। উন্নত জাতের এ নারকেল চারা রোপণের ফলে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবল থেকে মেরিন ড্রাইভ সড়ক রক্ষা পাবে। পাশাপাশি ডাব ও নারকেল পাওয়া যাবে। তা ছাড়া, নারকেলগাছ সড়কের সৌন্দর্য বাড়াবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজার শহরের কলাতলী থেকে উখিয়ার মনখালী পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক নির্মিত হয়েছে। মনখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত আরও ৩৪ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, সাগর আর পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাওয়া সড়কটি আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে নারকেল চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরিয়ার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রকল্পের আওতায় এ সড়কে নারকেল চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিন আগে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেছেন। ভিয়েতনাম থেকে আমদানি করা ইনব্রিড নারকেল চারা রোপণের জন্য সড়কটি খুবই উপযোগী। তবে এ জাতের চারার দাম বেশি। প্রতিটি চারার দাম পড়বে ৫০০ টাকা। তিনি বলেন, সামাজিক বনায়নের আদলে এ চারার রক্ষণাবেক্ষণ না হলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হবে। নারকেল চারা রক্ষার জন্য কৃষি বিভাগের পর্যাপ্ত জনবল নেই।
কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে বিভিন্ন জাতের নারকেল গাছে ছয়-সাত বছর পর নারকেল ধরতে শুরু করে। প্রতিটি গাছ থেকে বছরে পাওয়া যায় সর্বোচ্চ ৫০টি নারকেল। কিন্তু ভিয়েতনামের ইনব্রিড নারকেল গাছে মাত্র আড়াই থেকে তিন বছরের মধ্যে ফলন পাওয়া যায়। তা ছাড়া, বছরে প্রতিটি গাছ থেকে অন্তত ২৫০টি নারকেল পাওয়া সম্ভব।
কৃষি কর্মকর্তারা বলেন, সড়কের দুই পাশে প্রতি ১৫ মিটার অন্তর দুটি করে নারকেল চারা রোপণ করা হবে। গরু-ছাগল থেকে রক্ষার জন্য গাছ ঘিরে বাঁশের বেড়া দেওয়া হবে। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি সালের শেষের দিকে নারকেল চারা রোপণের এ প্রকল্প বাস্তবায়িত হতে পারে।