দুই পুলিশ সদস্যের রক্তে বাঁচলেন সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সুমন। পরে পুলিশের সহযোগিতায় সুস্থ হয়ে ওঠেন তিনি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দরিদ্র পরিবারের সন্তান মো. সুমন (২২)। জীবিকার তাগিদে অল্প বয়সেই নেমে পড়তে হয়েছে উপার্জনে। বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের কাজ করেন। কাজ শেষ করে সম্প্রতি ভোরে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সুমন রাস্তায় পড়েছিলেন। শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এমন অবস্থায় ত্রাতা হয়ে আসে টহল পুলিশ। তাঁদের চেষ্টায় সুমন এখন সুস্থ। শুধু তা–ই নয়, এই তরুণকে বাঁচাতে রক্তও দিয়েছেন দুই পুলিশ সদস্য। চিকিৎসা খরচও বহন করেছে বাহিনীটি।

চট্টগ্রাম নগরের বাকলিয়া ডিসি রোডের সালামের কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন সুমনের বাবা দিনমজুর আবুল কালাম। তাঁর ভাষ্য, পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে সময়মতো হাসপাতালে নিয়ে না গেলে তাঁর ছেলের মৃত্যুও হতে পারত। এ ছাড়া ছেলের চিকিৎসা ব্যয় বহন করার মতো টাকাও ছিল না। সুমনকে হাসপাতালে নেওয়ার পর পুলিশ সদস্যরা নিয়মিত দেখাশোনা করতে আসতেন। যখন রক্তের জন্য ছোটাছুটি করে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন দুই পুলিশ সদস্য রক্ত দিয়েছেন। পুলিশের এই সহযোগিতার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানান পঞ্চাশোর্ধ্ব আবুল কালাম।

পুলিশের দৃষ্টান্তমূলক সহযোগিতার ঘটনাটি গত ৬ ফেব্রুয়ারির। ওই দিন ভোর পাঁচটার দিকে একটি বিয়েবাড়িতে সাউন্ড ও লাইটিংয়ের কাজ শেষে করে হেঁটে বাসায় ফিরছিলেন সুমন। নগরের খুলশী জিইসি মোড়ের আক্তারুজ্জামান উড়ালসড়কে ওঠার পর একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন ছিনতাইকারী সুমনের পথরোধ করে মুঠোফোন ও তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।

ছুরিকাঘাতে রক্তক্ষরণ হতে থাকা সুমন পড়ে থাকেন উড়ালসড়কের ওপর। দেখতে পেয়ে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় খুলশী থানার টহল পুলিশ। ছেলের এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দিনমজুর আবুল কালাম। কিন্তু চিকিৎসকের পরামর্শে ছেলের জন্য রক্ত জোগাড় ও ওষুধ কিনতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি।

তখন সুমনের পাশে দাঁড়ান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনিসহ থানার ছয়জন সদস্য। রক্তের গ্রুপ মেলায় খুলশী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব আহমেদ ও কনস্টেবল মো. মনির দুই দিন দুই ব্যাগ রক্ত দেন।

অন্যদিকে সুমনকে ছুরিকাঘাতকারী ছিনতাইকারীদের খুঁজতে থাকে খুলশী থানা–পুলিশের অন্য সদস্যরা। পরের দিনই এ ঘটনায় জড়িত সন্দেহে মোবারক হোসেন, হারুন রশিদ, মহিউদ্দিন ও রিদোয়ান নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা ও ছুরি জব্দ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার চিকিৎসক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সময়মতো পুলিশ সদস্যরা রক্ত না দিলে ওই রোগীকে (সুমনকে) বাঁচানো কষ্টকর হতো। হাসপাতাল থেকে সুস্থ হয়ে গত ২০ ফেব্রুয়ারি বাসা ফিরে যান সুমন। কাজের প্রয়োজনে বর্তমানে তিনি ঢাকায়। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, রক্ত, ওষুধ কেনা থেকে শুরু করে চিকিৎসার খোঁজখবর নেওয়া—সবই করেছেন পুলিশ সদস্যরা। তাঁরা পাশে না থাকলে সুস্থ হয়ে ওঠা কঠিন হতো।

পুলিশ যাতে সত্যিকার অর্থে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে, এ জন্য নানা সময়ে তাঁদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি প্রথম আলোকে বলেন, খুলশী থানা-পুলিশের এ কাজ দেখে অন্য সদস্যরাও যেন উৎসাহিত হন।