দুই বছর পর এবার লাঙ্গলবন্দে হচ্ছে স্নানোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী পুণ্যস্নানে সনাতন ধর্মাবলম্বীদের ঢল
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুই বছর নিষেধাজ্ঞার পর এবার নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নানোৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৮ এপ্রিল রাত ৯টা ১১ মিনিটে পুণ্যস্নানের লগ্ন শুরু হয়ে শেষ হবে ৯ এপ্রিল রাত ১১টা ৮ মিনিটে।

আজ বুধবার বেলা ১১টায় আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-এ-খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার, লাঙ্গলবন্দ স্নান উদ্‌যাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার প্রমুখ।

আগামী ৮ এপ্রিল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী স্নানোৎসব আয়োজন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়
ছবি প্রথম আলো

সভার সিদ্ধান্ত অনুযায়ী লাঙ্গলবন্দ স্নানোৎসবে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য এবার মেলা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের তীরে যাতায়াতের রাস্তার দুই পাশে কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। এর বাইরে সেবা ক্যাম্পগুলো নির্দিষ্ট নিয়মের ভেতরে থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংসদ সেলিম ওসমান বলেন, সাত বছর আগে লাঙ্গলবন্দে স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করে ফিরতে পারেন, সেটি নিশ্চিত করতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, স্নানের নিরাপত্তায় পোশাকে ও সাদাপোশাকে সহস্রাধিক পুলিশ মোতায়েন থাকবে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্নান উদ্‌যাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা বলেন, এবার স্নানোৎসবে দেশ-বিদেশের চার থেকে পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে। নিয়ম মেনে সুষ্ঠুভাবে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব সম্পন্ন করতে পুণ্যার্থীসহ সবার সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।