দুই বছর পর বরিশালে মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরের সকালে নগরের সিটি কলেজ থেকে পৃথক দুটি মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল
ছবি: সাইয়ান

করোনা মহামারির কারণে গত দুই বছর বরিশালে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বা কোনো আনন্দ আয়োজন ছিল না। দুই বছর পর বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আবার উৎসবে মেতেছে বরিশালবাসী। আজ বৃহস্পতিবার নতুন বছরের সকালে নগরের সিটি কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল।

চারুকলা বরিশাল এবং বিএম স্কুল থেকে উদীচী পৃথক দুটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, টেপাপুতুল, পশুপাখির প্রতিকৃতিসহ বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্য স্থান পায়। এতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। বর্ষবরণ উপলক্ষে উদীচী দুই দিনব্যাপী নগরের বিএম স্কুল প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করেছে।

আজ সকালে ব‌রিশা‌ল সি‌টি ক‌লেজ চত্বরে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে আয়োজন প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে চারুকলা ব‌রিশাল। নাচ–গানে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। এরপর শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা‌টি নগরের সদর রোড হয়ে গির্জা মহল্লা, চকবাজার ও কাঠপট্টি ঘু‌রে শেষ হয় সি‌টি ক‌লেজ প্রাঙ্গ‌ণে। সকাল সা‌ড়ে নয়টায় বিএম স্কুল প্রাঙ্গণ থে‌কে মঙ্গল শোভাযাত্রা বের করে উদী‌চী।

চারুকলা ব‌রিশা‌লের মঙ্গল শোভাযাত্রা উদ্‌যাপন পরিষ‌দের সমন্বয়ক তমাল রায় ব‌লেন, ক‌রোনার আগে নবব‌র্ষের আ‌য়োজ‌নে অনেক মানুষ অংশ নিত। দুই বছর পর বর্ষবর‌ণে প্রাণ ফির‌লেও উচ্ছ্বাস ও ভিড় কম। প‌বিত্র রমজান থাকায় আ‌য়োজ‌নেও স্বল্পতা ছিল।

প্রভাতি অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল উদীচী বরিশাল
ছবি: সাইয়ান

উদীচীর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার বলেন, প্রভাতি অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকাল থেকে বিএম স্কুল মাঠে শুরু হয়েছে বৈশাখী মেলা। শুক্রবারও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে।