দুই বছর পর সিলেট নগর মাতল বর্ষবরণের অনুষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরেরময়দান এলাকায় শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান
ছবি: আনিস মাহমুদ

করোনার প্রভাব কাটিয়ে দুই বছর পর সিলেট মাতল বর্ষবরণের আনন্দে। ‘এসো হে বৈশাখ...’ গান গেয়ে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে সিলেট। তবে বর্ষবরণের দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। এরপরও নগরের বাসিন্দাদের আনন্দে ভাটা পড়েনি। অন্যদিকে পবিত্র রমজান উপলক্ষে বর্ষবরণের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি সিলেট নগরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সিলেট নগরের সুবিদবাজার এলাকার ব্লু–বার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ষবরণ অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা
ছবি: প্রথম আলো

শোভাযাত্রা শেষে কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাউল গান, কাঠি ও ঝুমুর নৃত্য, মণিপুরি নৃত্য, লোকগান ও দেশের গান পরিবেশন করা হয়।

এর বাইরে সকাল নয়টায় সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দলোকের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন সংগীত-নৃত্য-আবৃত্তি পরিবেশন করে। বেলা একটায় শেষ হয় অনুষ্ঠান।

সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় পালকি নিয়ে অংশ নিয়েছেন এই তরুণীরা। বৃহস্পতিবার সকালে নগরের রিকাবীবাজার এলাকায়
ছবি: প্রথম আলো

একই সময়ে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে ব্লু-বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এতে সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, সুরের ভুবন, ভাবুক, ললিত মঞ্জরি, প্রমা দেবী ও তাঁর দল অনুষ্ঠানে অংশ নেয়।

সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের সূচনা করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সকাল ১০টায় নগরের চৌহাট্টা এলাকার ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন স্থানে বর্ষবরণের অনুষ্ঠান পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, বর্ষবরণের আয়োজনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এতে সাদাপোশাকেও পুলিশের দল মাঠে কাজ করছে। এ ছাড়া টহল দলও মোতায়েন রয়েছে।