সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়
দুই বছরেও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ
বিদ্যালয়ের কক্ষস্বল্পতার কারণে পাঠদানে সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের মাঠে নির্মাণের উপকরণ। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ ৯ মাসের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু দুই বছরেও ওই কাজ শেষ করতে পারেননি ঠিকাদার।
এদিকে বিদ্যালয়ের কক্ষস্বল্পতার কারণে পাঠদানে সমস্যা হচ্ছে। এ ছাড়া নির্মাণের উপকরণ বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানা যায়, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) অধীন চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণের জন্য ১ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭০২ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। ৫ শতাংশ কম মূল্যে ১ কোটি ৪ লাখ ৯৭ হাজার ২১৭ টাকায় কাজটি পায় শ্যামনগর উপজেলার মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ। ৯ মাস সময় দিয়ে কার্যাদেশ দেওয়া হয় ২০২০ সালের ২৭ জানুয়ারি। কাজ শেষ হওয়ার কথা ওই বছরের ২৬ অক্টোবর।
২ বছর পার হলেও ভবনটির ২০ ভাগ কাজও হয়নি। সম্প্রতি গিয়ে দেখা যায়, ভবনের জন্য পাইলিং ও গ্রেট বিম ঢালাই দিয়ে ৭ ফুট করে ১৮টি আরসিসি পিলার করা হয়েছে। নির্মাণের উপকরণ—ইট, পাথর, তক্তা ফেলা রয়েছে বিদ্যালয় চত্বরে। শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ঘরও করা হয়েছে ওই চত্বরে।
এ সম্পর্কে ঠিকাদার মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয় চত্বরে পানি থাকায় পাইলিংসহ অন্য কাজ করতে দেরি হয়ে গেছে। রডের দাম কেজিপ্রতি ২০-২২ টাকা এবং পাথর সিএফটিপ্রতি ৬৫-৭০ টাকা বেড়েছে। এগুলোর দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না। নির্মাণসামগ্রীর দাম স্বাভাবিক হলে ছয়-সাত মাসের মধ্যে কাজ শেষ করে দিতে পারবেন।
চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ২১০ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ১৯৬৭ সালে নির্মিত একতলা ভবনের একটি অফিস ঘরসহ পাঁচটি ছোট ছোট কক্ষে পাঠদান করা হয়। স্থানের অভাবে পাশের মক্তবেই কখনো কখনো পাঠদান করা হয়। বিদ্যালয়ের মাঠে প্রায় দুই বছর ধরে ভবন নির্মাণের জিনিসপত্র রাখা। এতে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। দুই মাসের বেশি সময় ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এসব অসুবিধার কথা জানিয়ে ১৩ জানুয়ারি তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।
এ সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন বলেন, তিনি চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে চিঠি পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ও দ্রুত ভবন নির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে চিঠি লিখেছেন।
সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম বলেন, স্থান নির্বাচনসহ নানাবিধ সমস্যার কারণে কাজ করতে দেরি করেছেন ঠিকাদার। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি পেয়েছে। তবে ঠিকাদার তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ। তাঁকে কাজ শেষ করতে হবে। এ জন্য ঠিকাদারকে আগেও চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে আবারও চিঠি দেওয়া হবে। দ্রুত কাজ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে।