কটিয়াদী উপজেলা আ.লীগ
দুই বছরের কমিটি দিয়ে দুই যুগ পার
১৯৯৭ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি হয়। ৬৭ সদস্যের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ জন মারা গেছেন।
মোহাম্মদ মুশতাকুর রহমান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পর্ষদের নির্বাহী সদস্য। পদে থাকা অবস্থায় ২০০৩ সালের শুরুর দিকে প্রবাসজীবন শুরু করেন তিনি। প্রায় ১৫ বছর পর ২০১৮ সালে মুশতাকুর দেশে ফিরে আসেন। তাঁর ধারণা ছিল, ইতিমধ্যে তিনি পদ খুইয়েছেন। পরে জানতে পারেন, তিনি স্বপদে আছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।
মুশতাকুর রহমান বলেন, ‘ভেবে কূল পাই না এক পদে এত দিন। সহজ করে যদি বলি, তাহলে এখন আমার আফসোস, কেন সাবেক হচ্ছি না।’
দুই যুগ পেরিয়ে গেলেও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়নি। দলীয় কর্মীরা বলেন, ১৯৯৭ সালে সম্মেলনের মাধ্যমে দুই বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়। ৬৭ সদস্যের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ জন মারা গেছেন। যাঁরা বেঁচে আছেন, তাঁদের বড় একটি অংশ এখন দলে নিষ্ক্রিয়। অনেকে স্থায়ীভাবে দল ছেড়েছেন। কেউ কেউ প্রবাসে আছেন। হাতেগোনা কয়েকজন সক্রিয় থাকলেও, তাঁদের মধ্যে আছে দ্বন্দ্ব।
এত দিন এক কমিটি থাকলে যা হয়, তা-ই হচ্ছে। কেউ কারও কথা শোনে না। দল এমন এক পরিস্থিতির মধ্যে আছে, চাইলেও আমরা আর সাবেক হতে পারছি না।গিয়াস উদ্দিন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, ‘এত দিন এক কমিটিতে থাকলে যা হয়, তা-ই হচ্ছে। কেউ কারও কথা শোনে না। দল এমন এক পরিস্থিতির মধ্যে আছে, চাইলেও আমরা আর সাবেক হতে পারছি না।’
দলীয় সূত্র জানায়, ১৯৯৭ সালে করা কমিটির সভাপতি ছিলেন তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম। সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওহাবকে করা হয় সাধারণ সম্পাদক। শামসুল আলম ২০১৯ সালের মারা যান। আর ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় আবদুল ওহাব মারা যান। পদ দুটি পূরণ করা হয় ভারপ্রাপ্ত দিয়ে। ভারপ্রাপ্ত সভাপতি করা হয় জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলামকে। তাঁর বয়স এখন প্রায় ৯০ বছর। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।
দলের কর্মীরা বলেন, গত বছরের ৩ জুলাই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটিও স্থগিত হয়ে যায়। বর্তমানে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে। দিন দিন কোন্দল বড় হচ্ছে। সদ্য হয়ে যাওয়া ইউপি নির্বাচন এর বড় উদাহরণ। নির্বাচনে উপজেলার ৯টি ইউপির মধ্যে নৌকার জয় আসে মাত্র দুটিতে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, কমিটি না হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ জেলা কমিটির উদাসীনতা। সাংসদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। জেলা কমিটি ও সাংসদের তৎপরতা না থাকার কারণে দুই যুগ ধরে এক কমিটি দিয়ে চলছে দল।
তবে স্থানীয় (কিশোরগঞ্জ-২) সাংসদ নূর মোহাম্মদ বলেন, তিনি দুই যুগ আগের এই কমিটিকে স্বীকার করতে রাজি নন। কটিয়াদী আওয়ামী লীগের নেতৃত্বে গতি আনতে চাইলে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল বলেন, কটিয়াদীর কমিটি না হওয়ার অনেক কারণ। এত কারণ ডিঙিয়ে কমিটি করা কঠিন। কবে নতুন কমিটি হবে, সেটা বলা যাচ্ছে না। তবে নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়ার কারণে দলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।