দুই বস্তা ইয়াবা ফেলে পালাল পাচারকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের দুটি বস্তা থেকে ১ লাখ ৪০ হাজারটি ইয়াবা পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
সংগৃহীত

মিয়ানমার থেকে সাঁতরে বাংলাদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের দেখে দুই বস্তা ইয়াবা বড়ি ফেলে পালাল পাচারকারী। পরে বস্তাগুলোতে ১ লাখ ৪০ হাজারটি ইয়াবা পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


গতকাল শনিবার রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফ নদের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। আজ রোববার বিকেলে টেকনাফ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

ফয়সল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন, উপজেলার খারাংখালী এলাকায় নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে খারাংখালী সীমান্তচৌকির একটি বিশেষ টহল দল এলাকাটি নজরদারিতে রাখে। আনুমানিক রাত ১০টার দিকে ওই এলাকায় অবস্থানরত বিজিবির টহল দলের সদস্যরা এক ব্যক্তিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে সাঁতরে নাফ নদ পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখেন।

কিন্তু ওই ব্যক্তি দূর থেকে টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা দুটি ফেলে নদ দিয়ে সাঁতরে আবার মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা প্লাস্টিকের বস্তা দুটি উদ্ধার করে। গণনা করে বস্তা দুটির ভেতর থেকে ১ লাখ ৪০ হাজারটি ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।