বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা দুই বিদেশির গতকাল বুধবার ল্যাপটপ ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। দুপুরে কৃষিতত্ত্ব গবেষণা মাঠ পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
ল্যাপটপ হারানো দুই ব্যক্তি হলেন জিম্বাবুয়ের কৃষিবিজ্ঞানী ক্রিস্টিয়ান থিয়ারফিল্ডার। সেই সঙ্গে ডলার চুরি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ভূমি ব্যবস্থাপনা কর্মকর্তা জুজি নিনোর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী ওই সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৯টি দেশের ১৫০ জন কৃষিবিজ্ঞানী গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। সম্মেলনের অংশ হিসেবে বুধবার দুপুরে তাঁরা কৃষিতত্ত্ব গবেষণা মাঠ পরিদর্শনে যান। এ সময় তাঁদের বহনকারী মিনিবাসে তাঁরা ল্যাপটপ ও ডলার রেখে মাঠে চলে যান। পরে ফিরে এসে সেগুলো তাঁরা পাননি।
ক্রিস্টিয়ান থিয়ারফিল্ডার বলেন, তাঁর ল্যাপটপে গবেষণাবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ল্যাপটপে তাঁর সারা জীবনের অর্জন রয়েছে বলে জানান তিনি। জুজি নিনো বলেন, তাঁর ব্যাগে এক হাজার ৪০০ ডলার ছিল।
বাসচালক আমিনুল ইসলাম বলেন, মাঠ পরিদর্শনে সবাই চলে গেলে এক ব্যক্তি অসুস্থতার কথা বলে বাসে থেকে যান। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফুল হাসান বলেন, ‘আমরা উদ্ধারের পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করে দেখছি।’
এদিকে ল্যাপটপ ও মানিব্যাগ উদ্ধারে র্যাব ও গোয়েন্দারা কাজ শুরু করেছে বলে জানান ময়মনসিংহের র্যাব-১৪-এর সহকারী পরিচালক রাজীব কুমার দে।