দুই ভবনের মাঝ থেকে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার
ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের দুইটি বিপণিবিতানের মাঝের ফাঁকা জায়গা থেকে সান্তনা চক্রবর্তী ওরফে মিলি (৪৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সান্তনা তাঁর স্বামী সমির কুমার রায় ও ছেলে রাহুল রায়কে নিয়ে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের একটি বিপণিবিতানের ওপরের বাসায় থাকতেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই বিপণিবিতান ও নির্মাণাধীন অন্য একটি বিপণিবিতানের মাঝের ফাঁকা জায়গায় এক নারীর দগ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে। পরে সমির কুমার রায় লাশটি তাঁর স্ত্রী সান্তনা চক্রবর্তীর বলে শনাক্ত করেন।
এ বিষয়ে সমির কুমার রায় বলেন, রাতে তাঁরা একই সঙ্গে ঘুমিয়ে ছিলেন। কখন এ ঘটনা ঘটেছে, তা বলতে পারছেন না। তবে কিছুদিন ধরে তাঁর স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও করা হয়েছে। মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাঁর।
ছেলে রাহুল রায় বলেন, ‘সকালে মাকে পূজা করতেও দেখেছি। কখন এ ঘটনা ঘটেছে, তা অনুমান করতে পারছি না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সান্তনার মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে। তাঁর স্বামী দাবি করছেন, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুরো ঘটনাটি সন্দেহজনক। তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।