দুই মালিক সমিতির দ্বন্দ্বে নাটোরে বাস চলাচল বন্ধ
পূর্বঘোষণা ছাড়াই নাটোর থেকে সব পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি। দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে আজ বৃহস্পতিবার সকাল থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধায় পুলিশের সঙ্গে দুই পক্ষ আলোচনায় বসলেও সমস্যার সমাধান হয়নি।
নাটোর বাস মিনিবাস মালিক সমিতির অভিযোগ, বনলতা ট্রাভেলস নামে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির একটি বাস বুধবার সন্ধায় সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এ সময় সিংড়ার শেরকোল এলাকায় বাস থামিয়ে নাটোর জেলা বাস মালিক সমিতির লোকজন বনলতার তিন বাসশ্রমিককে মারধর করেন।
এর প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি তাদের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। তবে নাটোরের ওপর দিয়ে অন্য জেলার বাস মিনিবাস চলছে। ফলে যাত্রীরা কষ্ট করে হলেও ওই সব বাসে যাতায়াত করছে।
নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার এ ঘটনার জন্য সিংড়ার জেলা বাস মালিক সমিতির নেতাদের দায়ী করেন। তিনি বলেন, তাঁদের অন্যায় আচরণের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে। এর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।
তবে নাটোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, ‘আমাদের কোনো লোকজন কোনো বাসের শ্রমিকদের মারধর করেনি। নাটোর বাস মিনিবাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস বন্ধ রেখে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দুই সমিতির দ্বন্দ্বের জের ধরে বাস চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আগামী শনিবার আবার বসা হবে। তবে এর আগেই বাস চলাচল চালু করতে অনুরোধ করা হয়েছে।