
দুই মাসেও রাঙামাটির সড়ক যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়নি। রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কিছু অংশে এখনো ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ১৩ জুন পাহাড়ধসের পর থেকে এ অবস্থা চলছে।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দূরত্ব ৭৪ কিলোমিটার। এর মধ্যে রাঙামাটি শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সাপছড়ি শালবন অংশে পাহাড়ধসে সড়কের ১০০ মিটার সড়ক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে এখন বেইলি সেতু নির্মাণের কাজ চলছে। এ ছাড়া সড়কটির আরও অন্তত তিনটি স্থানের ভাঙা অংশে চলছে অস্থায়ী মেরামতের কাজ। একই সড়কের অন্তত ৫০টি স্থানে ভাঙা কিংবা ফাটল রয়েছে।
ঈদুল আজহার আগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে আশা করছেন সড়ক ও জনপথ সওজের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন। অবশ্য এর আগে সওজের কর্মকর্তা বলেছিলেন, ২১ জুলাইয়ের মধ্যে সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে। কিন্তু সেটি হয়নি।

মূল সড়কের সাপছড়ির ওই বিচ্ছিন্ন অংশসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ভারী যান চলতে পারে না। সাপছড়ির বিচ্ছিন্ন স্থানে বালুর বস্তার সাহায্যে অস্থায়ী সড়ক নির্মাণ করে ২১ জুন (পাহাড়ধসের আট দিন পর) হালকা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। ওই দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিক এক মাসের মধ্যে বেইলি সেতু নির্মাণ করে ভারী যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এখন সাপছড়ির ভাঙা অংশের পাঁচ কিলোমিটার আগে ঘাগড়া এলাকায় এসে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী বড় বাস থেমে যায়। ঢাকা ও চট্টগ্রামগামী বড় বাসে উঠতেও হয় ওই ঘাগড়া থেকে। রাঙামাটি শহর থেকে ঘাগড়ার দূরত্ব ১৮ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

গত মঙ্গলবার চট্টগ্রামের অক্সিজেন থেকে রাঙামাটিগামী বাসে উঠে ঘাগড়া যেতে সময় লেগেছে পৌনে দুই ঘণ্টা। ঘাগড়ায় নেমে আবার ছোট বাসযোগে রাঙামাটির বনরূপায় পৌঁছাতে সময় লাগে আরও ৪০ মিনিট।
চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে যাওয়া সহযাত্রী কামাল উদ্দিন বলেন, আগে সরাসরি বিরতিহীন বাসে গেলে ভাড়া ছিল ১২০ টাকা। এখন ভেঙে গেলে বাড়তি ১০ টাকা ও সময়ও বেশি লাগে। ঝক্কি-ঝামেলা তো আছেই।
একইভাবে ৬৪ কিলোমিটার দূরত্বের রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক এখনো ভারী যান চলাচলের জন্য উপযোগী করা যায়নি। সওজের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ভারী যানবাহন চলাচলের বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর খাগড়াছড়িসহ অন্য সড়ক ভারী যান চলাচলের উপযোগী করা হবে। তিনি বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করে কাজ করতে হচ্ছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আরও বহুদিন সময় লাগবে।

সওজ রাঙামাটি কার্যালয় সূত্র জানায়, পাহাড়ধসের ১১ দিন পর রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়ক হালকা যান চলাচলের উপযোগী করা হয়। এ ছাড়া রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটি ৩৩ দিন পর সচল হয়। তবে এই সড়কের খামারপাড়া এলাকায় নতুন ভাঙন দেখা দেওয়ায় এবং মোতলা কিজিং এলাকায় সড়ক থেকে মাটি সরে যাওয়ায় সচল হওয়ার আট দিন পর আবার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ১০ দিন পর ২ আগস্ট পুনরায় সচল হয় সড়কটি। এ ছাড়া পাহাড়ধসের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কটি ১১দিন পর সচল করা হয়।

পাহাড়ধসে রাঙামাটিতে সওজের তিনটি সড়কে ১১৩টি স্থান ভেঙে যায়। এর মধ্যে চট্টগ্রাম-রাঙামাটিতে ৩৩টি, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাইয়ে ১৪টি, রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়িতে ৪১টি ও রাঙামাটি শহরের ভেতরে ২৫টি স্থানে ভাঙে। তিন সড়কে পাহাড়ধস হয়েছে ১৪৫টি স্থানে। এ ছাড়া এলজিইডির রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে ৩২ স্থানে ভাঙন ও দুই স্থানে বড় ফাটল রয়েছে। ঘাগড়া-কাউখালী সড়কেও ভাঙন রয়েছে দুটি স্থানে। সেখানে ঝুনুমাছড়া এলাকা আধা কিলোমিটার সড়কের এখনো পাহাড়ধসের মাটি রয়েছে। শুধু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। অন্যদিকে রাঙামাটি-মহালছড়ি সড়কের ঘিলাছড়ি-বুড়িঘাট সড়কে ১৩ স্থানে ভাঙন রয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে কাপ্তাই উপজেলার কাপ্তাই-জীবতলী ও বাঘাইছড়ি উপজেলা সদর-করেঙ্গাতলী সড়কও। এসব সড়কে শুধুই হালকা যানবাহন চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাঙামাটির সহকারী প্রকৌশলী মো. আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দপত্র এলজিইডি ভবনে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ যখন বরাদ্দ দেবে তখন কাজ শুরু করব। তবে আগামী ডিসেম্বরের আগে আঞ্চলিক সড়কগুলো ভারী যান চলাচলের উপযোগী করা যাবে না।