দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, ছাত্র আহত
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শেখ আয়নাল (৬০)। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা। দুই সন্তানের বাবা আয়নাল কৃষ্ণপুর বাজারে একটি রেস্তোরাঁর মালিক।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী শুভ মোল্লা (২৩) নামের এক তরুণ আহত হয়েছেন। তিনি নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। শুভ ঢাকার একটি কলেজে স্নাতকোত্তরের শিক্ষার্থী।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শেখ আয়নাল। শুভ মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।