দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ছিটকে পুকুরে পড়ে এক আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহী ছিটকে সড়কের পাশের পুকুরে পড়ে মারা গেছেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকার শের শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাজমুল ইসলাম (৩০)। তিনি বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের হাসান আলী মোল্যার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁরা হলেন উপজেলার বাঘারপাড়া গ্রামের মো. সবুজ (২৩), একই গ্রামের মো. সজীব (১৭) ও মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের মো. পিকুল (৫০)। আহত ব্যক্তিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আজ সকালে নাজমুল, সবুজ ও সজীব মোটরসাইকেলে করে বাঘারপাড়া থেকে শের শাহ সড়ক দিয়ে যশোর শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সবুজ। নাজমুল ও সজীব মোটরসাইকেলের পেছনের দিকে বসে ছিলেন। সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেলটি উপজেলার পুকুরিয়া এলাকায় পৌঁছায়। এ সময় যশোর শহরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন পিকুল।

সংঘর্ষের পর নাজমুল মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের পুকুরের মধ্যে পড়ে যান। অন্য আরোহীরাও এ সময় আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া ফারহানা বলেন, হাসপাতালে আনার আগেই নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক(এসআই) রাজ কিশোর পাল বলেন, নিহত ব্যক্তির লাশ ও মোটরসাইকেল দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।