দুই শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন তুলাশন গ্রামের মোফাজ্জল হোসেন (৫৪) ও তাঁর ছেলে শরিফুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তুলাশন গ্রামের প্রায় দুই একর আয়তনের একটি পুকুরে মাছ চাষ করছেন শাহিন আলম নামের এক ব্যক্তি। মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে বিদ্যুতের লাইন টেনে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আজ সকাল আটটার দিকে পুকুরে থাকা একটি নৌকায় উঠতে যায় দুই শিশু। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে শিশু দুটি নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই দৃশ্য দেখে মোফাজ্জল হোসেন ওই দুই শিশুকে রক্ষা করতে গিয়ে পুকুরে পড়ে যান। এতে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকারে শুনে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবা-ছেলে দুজনই বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় গ্রামবাসী লাশ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তবে ওই শিশু দুটি অক্ষত রয়েছে। দুই শিশুর মধ্যে একটি নিহত মোফাজ্জল হোসেনের নাতি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে ঘটনার পরপরই পুকুরের মৎস্যচাষি শাহিন আলম গা ঢাকা দিয়েছেন।