দুই সপ্তাহ নমুনা সংগ্রহ বন্ধ, আছে নানা সংকট

অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের ভর্তি নেওয়া যাচ্ছে না। শুধু ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের অন্যত্র পাঠাতে হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাব টেকনিশিয়ানের অভাবে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহ ধরে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। নির্মাণের ১২ বছর পরও হাসপাতালটির অন্তর্বিভাগ চালু না হওয়ায় করোনাকালেও কোনো রোগী ভর্তি করা হয় না। পর্যাপ্ত চিকিৎসকও নেই এখানে। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন নানা সংকটে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ল্যাব টেকনিশিয়ান পদে হাসপাতালের কোনো নিজস্ব কর্মী নেই। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মী করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ করতেন। কিন্তু দুই সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর থেকে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। অন্যদিকে হাসপাতালটির অবকাঠামো নির্মাণের পর ১২ বছর ধরে অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। গুরুতর অসুস্থদের পাঠাতে হচ্ছে পিরোজপুর সদর হাসপাতালে।

হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনাভাইরাস শনাক্তের জন্য এখানে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা যায়নি। ব্র্যাকের ওই কর্মী করোনায় আক্রান্ত হওয়ার আগে অসুস্থ রোগীরা নমুনা দেওয়ার পর তা পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হতো। এভাবে একজন রোগীর নমুনার ফলাফল পেতে দুই থেকে তিন দিন লেগে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কচা, বলেশ্বর ও পানগুছি নদীবেষ্টিত ইন্দুরকানি উপজেলায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালে তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়। ২০০৮ সালের নভেম্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করলে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল পদায়ন ও আসবাব সরবরাহ করা হয়। এরপর বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হলেও অন্তর্বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। ২০১৭ সালের অক্টোবরে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালে সুপেয় পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। এ কারণে ১২ বছর ধরে হাসপাতালে অন্তর্বিভাগ চালু করা হয়নি।

বর্তমানে হাসপাতালে ১০ জন চিকিৎসকের পদ রয়েছে। কর্মরত আছেন দুজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে হাসপাতালের মেডিসিন, শল্য, গাইনি, অবেদনবিদের চারটি কনিষ্ঠ পরামর্শক পদ শূন্য রয়েছে।

ইন্দুরকানি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে অসুস্থ ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য ১৬ কিলোমিটার দূরে পিরোজপুর সদর হাসপাতালে যেতে হচ্ছে।

চিকিৎসকেরা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগীরা জ্বর, সর্দি–কাশি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। শুধু প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের অন্যত্র পাঠাতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, ল্যাব টেকনিশিয়ান না থাকায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা সম্ভব না। নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হওয়ায় নমুনা নেওয়া হচ্ছে না। তবে তিনি সুস্থ হয়েছেন। আবার নমুনা সংগ্রহ করা হবে।

পিরোজপুরের সিভিল সার্জন সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, সুপেয় পানি সরবরাহের জন্য ৩৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অন্তর্বিভাগ চালু করা হবে।