দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁয় প্রতি মণ মরিচের দাম বেড়েছে ৪ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের বাম্পার ফলন পেয়েছেন নওগাঁর চাষিরা। বাজারদরও ভালো থাকায় এবার মুনাফাও বেশি। রোববার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী এলাকায়
ছবি: প্রথম আলো

সপ্তাহ দুয়েক আগেও নওগাঁর খুচরা বাজারগুলোতে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। বর্তমানে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি মণ মরিচের দাম বেড়েছে প্রায় চার হাজার টাকা। মরিচের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য সবজিরও।

নওগাঁর বদলগাছি, মহাদেবপুর উপজেলায় এবং আত্রাই ও ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় বিস্তৃর্ণ মাঠজুড়ে মরিচের চাষ হয়েছে। মরিচের উৎপাদন ভালো হওয়ার পাশাপশি বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক চাষিদের মুখে হাসি ফুটেছে। তবে হঠাৎ মরিচের দাম প্রায় তিন গুণ বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। জেলার মরিচচাষি ও আড়তদারদের দাবি, দেশের নিম্নাঞ্চলের জেলাগুলোতে অধিক বৃষ্টিপাতের কারণে খেতের মরিচ নষ্ট হয়ে যাওয়ায় জেলার মরিচের চাহিদা বেড়ে গেছে। ফলে দামও বেড়েছে কয়েক গুণ।

ইতিমধ্যে প্রায় ১০ মণ মরিচ বিক্রি করেছেন কৃষক রাসেল রানা। সামনের ২-৩ মাসে আরও ৪০ থেকে ৪৫ মণ মরিচ পাবেন। সব খরচ বাদ দিয়ে দুই বিঘা জমির মরিচ বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা লাভ আসবে বলে আশা করছেন তিনি।

জেলার সবচেয়ে বড় কাঁচা মরিচ বিক্রির পাইকারি বাজার মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর ডাক্তারের মোড় বাজারে সরজমিনে দেখা যায়, কৃষকেরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি মণ মরিচ বিক্রি করছেন সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকায়। মধ্যস্বত্বভোগী স্থানীয় এই ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে নিয়ে যান। দিনভর বাজার থেকে মরিচ কিনে ট্রাকে ভরে রাতে নিয়ে যান পাইকারি বাজারে।

বদলগাছি উপজেলার কাস্টডোম গ্রামের কৃষক রাসেল রানা জানান, কয়েক বছর ধরে ধান, সবজি, মরিচসহ যে ফসলই আবাদ করেছেন, সেটিতেই লোকসান গুনতে হয়েছে। সে তুলনায় এ বছর ধানের দাম ভালো হয়েছে। তিনি বলেন, ‘১০-১২ বছর ধরে মরিচ চাষ করছি, এত দাম কখনো পাইনি। আগে যেখানে প্রতি মণ মরিচ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি করতাম। সেই মরিচের দাম এখন ৬ হাজার টাকা।’

দুই বিঘা জমিতে মরিচ চাষ করেছেন বলে জানান রাসেল রানা। ইতিমধ্যে প্রায় ১০ মণ মরিচ বিক্রি করেছেন। সামনের ২-৩ মাসে আরও ৪০ থেকে ৪৫ মণ মরিচ পাবেন। সব খরচ বাদ দিয়ে দুই বিঘা জমির মরিচ বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা লাভ আসবে বলে আশা করছেন এই কৃষক।

জেলার কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা এখন খেত থেকে মরিচ ওঠাতে ব্যস্ত। সোমবার মহাদেবপুর উপজেলার সফাপুর এলাকায়
ছবি: প্রথম আলো

বদলগাছি উপজেলার বিলাশবাড়ী ও ভান্ডারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশাল মাঠজুড়ে মরিচসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। তবে এর মধ্যে মরিচের খেত বেশি চোখে পড়েছে। কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা খেত থেকে মরিচ ওঠাতে ব্যস্ত। চাষিরা কেউ কেউ খেত থেকে কাঁচা মরিচ তুলে এক জায়গায় স্তূপ করছেন। আবার কেউ স্তূপ করা মরিচগুলো বাজার কিংবা বাড়িতে নেওয়ার জন্য বস্তায় ভরছেন। অনেকেই আবার খেতেই পাইকারদের কাছে মরিচ বিক্রি করছেন।

মহাদেবপুর উপজেলার সফাপুর গ্রামের কৃষক সামছুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাতের কারণে মরিচের খেত নষ্ট হয়ে গেলে মরিচের দাম বেড়ে যায়। তবে এবারের মতো মরিচের দাম কখনোই বাড়েনি। এবার প্রতি বিঘায় ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হবে।

বর্তমানে খেতের মরিচগাছের বয়স হয়ে যাওয়ায় মরিচ ধরছে কম। দেশের অনেক জেলায় অধিক বৃষ্টিপাতের কারণে খেতের মরিচ নষ্ট হয়ে গেছে। এ জন্য বাজারে এখন মরিচের আমদানি কম। ফলে বাজারে যেটুকু উঠছে, সেটির দাম বেশি।
আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, মরিচ আড়তদার সমিতি

লক্ষ্মীপুর ডাক্তারের মোড় বাজারের মরিচ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমের প্রথম দিকে মরিচের অনেক আমদানি ছিল। তখন প্রতি মণ মরিচের দাম ছিল ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। বর্তমানে খেতের মরিচগাছের বয়স হয়ে যাওয়ায় মরিচ ধরছে কম। আবার দেশের অনেক জেলায় অধিক বৃষ্টিপাতের কারণে খেতের মরিচ নষ্ট হয়ে গেছে। এ জন্য বাজারে এখন মরিচের আমদানি কম। ফলে বাজারে যেটুকু উঠছে, সেটির দাম বেশি।

আবুল কালাম আরও বলেন, ‘কৃষকের কাছ থেকে পাইকারিতে আমরা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে মরিচ কিনছি। নওগাঁ শহরের খুচরা বাজারে এই মরিচই ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার ঢাকা-রাজশাহীর খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকার ওপরে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল ওয়াদুদ জানান, চলতি বছর জেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। বাজারদরও ভালো থাকায় চাষিরা বেশি মুনাফা পাচ্ছেন। উঁচু অঞ্চলের মরিচখেতগুলো থেকে আরও দুই মাস বা তারও বেশি সময় ধরে ফলন পাওয়া যাবে।

ক্রেতাদের ক্ষোভ

হঠাৎ মরিচের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় আয়ের সঙ্গে প্রতিদিনের বাজার খরচের হিসাব মিলাতে পারছেন না নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। নওগাঁ পৌর শহরের কাঁচা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে মরিচের দাম প্রায় তিন গুণ বেড়েছে। মরিচ ছাড়াও ঢ্যাঁড়স, পটোল, করলা, বেগুন, কাঁকরোল, মিষ্টিকুমড়া, লাউসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, বর্ষার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। কিন্তু বাজারে মরিচ পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা তো তৈরি হয়নি। আর এ অঞ্চলে তো বন্যা কিংবা বৃষ্টির কারণে মরিচের ক্ষতি হয়নি। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে দিয়েছেন।