দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার প্ররোচনাদাতার বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই সাঁওতাল কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডির মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে। এ ঘটনায় কৃষকের স্বজনেরা স্থানীয় থানায় পৃথক দুটি মামলাও করেছেন। মামলায় অভিযুক্ত সাখাওয়াতকে দ্রুত গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর শাখার নেতারা। একই দাবিতে সকাল ১০টায় সেখানে মানববন্ধন করে জেলা কৃষক সমিতি।
মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা সভাপতি শীতল মার্ডি, আদিবাসী নেতা শিবানী উরাও, রানী হাঁসদা, আদিবাসী ছাত্র পরিষদের দিনাজপুর জেলা সভাপতি সোহেল পিতর মুর্মু উপস্থিত ছিলেন। অন্যদিকে কৃষক সমিতির মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান, হবিবর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন, সদস্য রবিউল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দরিদ্র কৃষক হওয়ায় বরেন্দ্র অঞ্চলে কৃষিজমিতে চাষাবাদের ক্ষেত্রে নলকূপ অপারেটররা সময়মতো পানি দিতে গড়িমসি করেন। বাড়তি টাকা পরিশোধ করে তাঁদের জমিতে পানি নিতে হয়। শুধু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকই নন, বাঙালি দরিদ্র কৃষক, যাঁরা অল্প জমিতে চাষ করেন, তাঁরাও একই ধরনের বৈষম্যের শিকার।
বক্তারা আরও বলেন, পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন ও ক্ষুদ্র চাষিরা তাঁদের জমি প্রভাবশালীদের কাছে লিজ কিংবা বিক্রি করতে বাধ্য হন। দুই কৃষকের আত্মহত্যা নিছক কোনো আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অথচ ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেপ্তার করেননি। সারা দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজনের প্রতি নানা বৈষম্য করা হচ্ছে। এ অবস্থায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজনের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।