কুষ্টিয়ায় দুই সাংবাদিকের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার হরিপুর বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
হাটশ-হরিপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার কয়েক শ নারী–পুরুষ অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন, স্কুলশিক্ষক আবদুর রাজ্জাক, বজলুর রহমান, ব্যবসায়ী আবদুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, শুধু হয়রানি করতে গণমাধ্যমকর্মীদের স্পর্শকাতর ওই মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে দুই সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
৯ মে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। সাংবাদিকেরা হলেন বাংলাভিশন, বিডিনিউজটুয়েন্টিফোর ও বণিক বার্তার কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী ও স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী। গত ৩০ মার্চ স্থানীয় একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাদী হয়ে দুই সাংবাদিকের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। এতে কুষ্টিয়া থানা মোড়ের এক চায়ের দোকানের কর্মচারীকেও আসামি করা হয়।