দুই সাংসদের সামনে চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আওয়ামী লীগের দুই সাংসদকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী আওয়ামী লীগের ২৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।
দুই সাংসদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। কার্যালয় থেকে বেরিয়ে সাংসদ এম এ লতিফ সাংবাদিকদের বলেন, ‘দলীয় শৃঙ্খলা মেনে প্রতিটি ওয়ার্ডে একজন করে প্রার্থী দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। যাঁরা সম্মত হয়েছেন, তাঁরাই কেবল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁদের সঙ্গেই আমরা এসেছি।’ তবে তাঁর এ বক্তব্যের পর সেখানে উপস্থিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। অনেকে সাংসদ লতিফের বিষোদ্গার করেন। পরে দুই সাংসদ দ্রুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকা ছেড়ে যান।
সূত্র জানায়, কাউন্সিলরদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনগুলো চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব মো. মাহবুবুল আলম ও সাংসদ এম এ লতিফের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইকবালের হাতে ছিল। এর মধ্যে পাঁচটি আবেদনপত্রে পাঁচজনের ছবি ছিল না। পরে দুই সাংসদ রিটার্নিং কর্মকর্তার কাছে ওই পাঁচটি আবেদনও প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু ছবি ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই বলে রিটার্নিং কর্মকর্তা তাঁদের জানিয়ে দেন। পরে ছবি সংগ্রহ করে ওই পাঁচটি আবেদন জমা দেওয়া হয়।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘দুই সাংসদ ছবি ছাড়া পাঁচটি মনোনয়নপত্র প্রত্যাহারের কাগজ নিয়ে আমার কাছে এসেছিলেন। কিন্তু ছবি ছিল না বলে তা গ্রহণের সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছিলাম। পরে তাঁরা ওই পাঁচজনের ছবি সংগ্রহ করে সেগুলো দাখিল করেন।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারে যে ২৫টি আবেদন জমা দেওয়া হয়েছে, এর মধ্যে সই না মেলায় দুজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর প্রার্থী এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে থাকেন। কিন্তু সাংসদ লতিফ তাঁর আপন মামাতো ভাইকে বিএনপি থেকে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগে যোগদান করান। সেখানে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে তাঁর মামাতো ভাইকে সমর্থন দেন। আমার ওয়ার্ডে তাঁর আরেক আত্মীয়কে কাউন্সিলর পদে সমর্থন দেওয়া হয়, যিনি জামায়াত-সমর্থক। আসলে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই।’
৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক বলেন, ‘চট্টগ্রাম-১১ আসন থেকে আওয়ামী লীগের প্রকৃত নেতাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এ কেমন রাজনীতি, বুঝতে পারছি না।’ উল্লেখ্য, সাংসদ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের সাংসদ। তিনি গত নির্বাচনেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এসব অভিযোগের বিষয়ে সাংসদ লতিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অন্য দল থেকে কারও আওয়ামী লীগে যোগ দিতে কোনো বিধিনিষেধ নেই। আর কেউ যদি আমার দলে যোগ দেন সেটি আমার কৃতিত্ব। আর যাঁকে আত্মীয় বলা হচ্ছে, তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা।’
তবে সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, ‘আমরা সবাই আওয়ামী লীগ করি। দলের বাইরে কেউ নই। ২০-২৫ জন সর্বসম্মত সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।’
এর আগে গত মঙ্গলবার সকালে চেম্বার ভবনে এক বৈঠকে চট্টগ্রাম-১১ আসনের অধীন ১০টি ওয়ার্ডের ৩৫ কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহারের সই নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই বৈঠকে সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন। নগরের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী সমর্থন দেওয়ার উদ্দেশ্যে চেম্বার ভবনে বৈঠকটি হয়।
মঙ্গলবার জোর করে সই নেওয়ার পরও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি ৩০ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৩৯ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক ও ৪০ নম্বর ওয়ার্ডের আবদুল বারেক। গতকাল রাত আটটা পর্যন্ত তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি—এ ঘোষণার পর তাঁরা কার্যালয় ছেড়ে যান।
এদিকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব আরও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের কাগজ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন। তখন ওই চারজন প্রার্থীর সমর্থকেরা তাঁর দিকে তেড়ে যান। উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি দ্রুত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখন সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২১২ জন। মেয়র প্রার্থী ১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৬১ জন।