দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আজ শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

তৃতীয় দফা ইউপি নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদার ও আরেক স্বতন্ত্র প্রার্থী হেলাল খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মজিবর রহমানের দুই গাড়ি ও প্রার্থী হেলাল খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় শিরখাড়া ইউনিয়নের সারিয়ারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমানের কর্মী সাফা কবিরের ওপর হামলা চালান হেলাল খানের সমর্থকেরা। এ ঘটনার অভিযোগ জানাতে রাত নয়টায় মজিবুর রহমান তাঁর কর্মী সাফা কবিরকে নিয়ে শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে আসেন।

সাফা কবিরের চিকিৎসার জন্য মজিবুর মাদারীপুর সদর হাসাপাতালে যাওয়ার পথে হেলালের সমর্থকেরা তাঁদের গতিরোধ করে হামলা চালান। এ সময় মজিবুর রহমানের বহরে থাকা দুই গাড়ি ভাঙচুর চালানো হয়। পরে রাত সাড়ে ১১টায় মজিবুর রহমানের কর্মী–সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল খানের বাড়িতে ভাঙচুর চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়েই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাদারীপুর সদর থানা–পুলিশ। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন মজিবুর রহমান। তিনি এই ইউপির টানা ছয়বার নির্বাচিত চেয়ারম্যান। গতবারের ইউপিতে মজিবুর আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

মজিবুর রহমান বলেন, ‘আমার আহত লোক নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হেলালের লোকজন আমাকে প্রাণে মেরে ফেলতে হামলা চালান। আমার প্রতিদ্বন্দ্বী পাঁচজন চেয়ারম্যান প্রার্থী এক হয়ে আমার বিরোধিতা করছেন। তাঁরা আমাকে মেরে ফেলতে বারবার নানা হামলা চালাচ্ছেন। এর আগেও তাঁরাই আমার ওপর হামলা চালিয়েছিলন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আমি প্রশাসনের বিশেষ সহযোগিতা চাই।’

চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া হেলাল খান বলেন, ‘মজিবুর রহমানের নেতৃত্বে তাঁর বহিরাগত লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছেন। তাঁরা বিদেশি একটি অস্ত্র ঠেকিয়ে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁদের প্রতীকে ভোট না দিলে কেউ এলাকায় থাকতে পারবে না বলেও চেয়ারম্যান মজিবুর ও তাঁর সমর্থকেরা হুমকি দিচ্ছেন।’

মজিবুর রহমান বলেন, ‘হেলালের অভিযোগ সত্য নয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন চলার সময় কোনো ব্যক্তি লাইসেন্সধারী অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী বা তাঁদের সমর্থক অস্ত্রটি প্রদর্শন করেন, তাহলে তাঁর লাইসেন্স বাতিল হবে।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, শিরখাড়ায় সংঘর্ষের খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হেলালের বাড়িতে হামলা হয়েছে। এর আগে আবার হেলালের লোকজন মজিবুরের গাড়িবহরে হামলা চালিয়েছন। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।