দুই ‘হক’কে ঠেকাতে তৎপর তাঁরা

মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুজন দলীয় মেয়র প্রার্থী। অপর চারজন স্বতন্ত্র।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আরফানুল হক ওরফে রিফাত ও বিদায়ী মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক ওরফে সাক্কুকে ঠেকাতে তত্পর আরও দুজন মেয়র পদপ্রার্থী। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ওরফে ইমরান ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন ওরফে কায়সার। মাসুদ পারভেজ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খানের বড় ছেলে। নিজাম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ওরফে ইয়াছিনের নিকটাত্মীয়।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এই নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুজন দলীয় মেয়র প্রার্থী। অপর চারজন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দুবারের মেয়র মনিরুল হক, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান ওরফে বাবুল।

আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লায় আওয়ামী লীগে দুটি পক্ষ আছে। এক পক্ষে মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। আরেক পক্ষে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা। বাহাউদ্দিনের অনুসারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল এবার মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা ও তাঁর ভাই মাসুদ পারভেজ খান দুজনই দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এরই মধ্যে মাসুদ আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মেয়র পদে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক বলেন, ‘আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে। তৃণমূলের সব নেতা–কর্মী আমাদের সঙ্গে কাজ করছেন।’

জানতে চাইলে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাসুদ পারভেজ খান বলেন, ‘দলের নেতা–কর্মীরা আমার সঙ্গে আছেন।’

এদিকে মনিরুল হককে ঠেকাতে প্রার্থী হয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। নিজামের অভিযোগ, মনিরুল দলীয় মেয়র ছিলেন। তিনি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মিশে কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষতি করেছেন।

এদিকে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না, তা নিয়ে নগরজুড়ে নানা গুঞ্জন রয়েছে। তবে মনিরুল হকের ভাষ্য, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। কাজের জন্য ভোটাররা আমাকে বেছে নেবেন। আমি নির্বাচনের মাঠে আছি, থাকব।’

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রার্থিতা বাছাই হবে আজ বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ মে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে। ইভিএমে ১৫ জুন ভোট হবে।