দুই হাত ছাড়াই এগিয়ে চলেছেন জাহিদুল

২০০৮ সালে জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। সে সময় অস্ত্রোপচার করে তাঁর ডান হাত কনুইয়ের নিচ থেকে এবং বাঁ হাত বাহুর নিচ থেকে কেটে ফেলা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেল চালিয়ে স্কুলে যান জাহিদুল। সাম্প্রতিক ছবি
ছবি: প্রথম আলো

দুই হাত নেই জাহিদুল ইসলামের। ডান হাত নেই কনুইয়ের নিচ থেকে। আর বাহুর নিচ থেকে নেই বাঁ হাত। একটি দুর্ঘটনার কারণে তাঁর দুটি হাত কেটে ফেলতে হয়। এতে কোনো দুঃখ নেই তাঁর। নিজেকে স্বাভাবিক মানুষই মনে করেন জাহিদুল। প্রতিবন্ধিতাকে পাশ কাটিয়েই এগিয়ে চলেছেন তিনি।

জাহিদুল ইসলাম (১৯) যশোরের মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের আগরহাটী গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে। তিনি উপজেলার ধলীগাতী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মা রাশিদা বেগম জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে জাহিদুল সবার ছোট। ২০০৮ সালে জাহিদুল তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। একদিন বন্ধুদের সঙ্গে পাশের নির্মাণাধীন একটি তিনতলা বাড়ির ছাদে উঠে খেলছিলেন তিনি। একসময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে দুই হাতের স্পর্শ লাগে তাঁর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৩ দিন পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিন মাস তাঁর চিকিৎসা চলে। সে সময় অস্ত্রোপচার করে তাঁর ডান হাত কনুইয়ের নিচ থেকে এবং বাঁ হাত বাহুর নিচ থেকে কেটে ফেলা হয়। এরপর তিন বছর লাগে জাহিদুলের সুস্থ হতে। পড়ালেখায় জাহিদুলের ভীষণ আগ্রহ ছিল। দুই হাতের কাটা অংশে কলম চেপে ধরে খাতায় লেখার চেষ্টা করেন তিনি। আস্তে আস্তে তিনি লিখতে শেখেন। তিন বছর পর তাঁকে পুনরায় লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয়। সেখান থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। ভর্তি হন পাশের ধলীগাতী মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে জেএসসি পরীক্ষায় জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

রাশিদা বেগম বলেন, ‘জাহিদুলের বাবা স্থানীয় একটি ইটভাটার ম্যানেজার। তাঁর আয় দিয়েই সংসার চলে। জাহিদুলকে নিয়ে চিন্তায় রাতে ঠিকমতো ঘুম হতো না, বসে বসে কত কেঁদেছি। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে ওঠে জাহিদুল। ছেলে প্রতিবন্ধী। মনে কষ্ট আছে। তবে ও এখন কারও বোঝা নয়।’ তিনি বলেন, জাহিদুল জামা–প্যান্ট নিজেই পরতে পারেন। তবে জামার বোতাম ও প্যান্টের চেইন আটকাতে পারেন না। খাবার মাখতে পারেন না। খাবার মেখে দিলে চামচ দিয়ে নিজে নিজে খান।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমি লেখাপড়া করতে চাই। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কিছু করব। ক্রিকেট আমার ভীষণ প্রিয় খেলা। আমি প্রতিবন্ধীদের ক্রিকেট টিমে যোগ দিতে চাই।’