দুগ্ধখামারিদের রক্ষার দাবিতে জেলায় জেলায় মানববন্ধন

জাতীয় বাজেটে গুঁড়া দুধের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাবের প্রতিবাদে ও দুগ্ধখামারিদের রক্ষার দাবিতে জেলায় জেলায় মানববন্ধন করা হয়েছে। আজ রোববার দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে ফিল্ড মিল্ক গুঁড়া দুধের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রতিবাদ জানানো হয়।
রাজধানী ঢাকায় আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, সিরাজগঞ্জ (বাঘাবাড়ি), পাবনা, নওগাঁ, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, নোয়াখালী, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, খুলনা, মৌলভীবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে খামারিরা দাবি করেন, গুঁড়া দুধের ওপর শুল্ক না কমিয়ে অ্যান্টিডাম্পিং শুল্ক ৫০ শতাংশ আরোপ করে বাড়িয়ে দেওয়া হোক। ভর্তুকিপ্রাপ্ত দেশগুলো থেকে ফিল্ড মিল্ক বাল্ক পরিমাণে আমদানি হলে দেশের দুগ্ধখামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দেশে অনেক দুগ্ধখামার বন্ধ হয়ে যাবে। বেকার হবেন লাখ লাখ তরুণ উদ্যোক্তা।
যশোরে আজ বেলা ১১টা থেকে শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে যশোরের বিভিন্ন এলাকার অন্তত ৫০ জন খামারি অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশও হয়। এতে বক্তব্য দেন যশোর গো পালন সমিতির আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মেহমুদ খান ও মফিজুল ইসলাম খান, নারী উদ্যোক্তা মনোয়ারা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বাজেটে গুঁড়া দুধের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে কম দামে গুঁড়া দুধ আমদানি হবে। এতে দেশীয় দুগ্ধখামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। দেশের দুগ্ধখামারিদের রক্ষায় এই শুল্ক কমানোর প্রস্তাব বাতিল করতে হবে।
গো পালন সমিতির যুগ্ম আহ্বায়ক রিয়াজ মেহমুদ খান বলেন, আমদানি করা গুঁড়া দুধে প্রাণিজ আমিষ ও ননি থাকে না। উদ্ভিজ্জ আমিষ দিয়ে বিশেষভাবে গুঁড়া দুধ তৈরি করা হয়। এ দুধ আমদানিতে উৎসাহ দিলে বাংলাদেশের মানুষ আমিষসংকটে ভুগতে পারে।
রিয়াজ মেহমুদ খান আরও বলেন, ‘গরু থেকে এক কেজি দুধ উৎপাদন করতে বর্তমানে ৪৫ টাকা খরচ হচ্ছে। বেশির ভাগ সময়ে লোকসানে দুধ বিক্রি করতে হয়। আমদানি শুল্ক কমালে গরুর তরল দুধ ২০ থেকে ২৫ টাকায় নেমে আসবে। তখন দুগ্ধখামার বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর উপায় থাকবে না।’