দুজনের কোমরে ছিল ছয় কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলায় উদ্ধার করা সোনার বার
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলা থেকে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার সকালে উপজেলার নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর কোমর থেকে সোনার বারগুলো উদ্ধার করে।

উদ্ধার করা সোনার ৫০টি বারের ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। তাঁরা হলেন তৌহিদুল ইসলাম (৪৩) ও ইমরান হোসেন (৩৫)। তৌহিদুলের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সরনখোলা গ্রামে। ইমরানের বাড়ি কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে।

বিজিবি জানায়, শুক্রবার সকালে তৌহিদুল ও ইমরান যশোর শহরের দড়াটানা থেকে একটি মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলটি যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় পৌঁছায়।

গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের সুবেদার আহসান হাবিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামান। এরপর তৌহিদুল ও ইমরানকে আটক করা হয়। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে কোমরের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার ৫০টি বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। ওই সোনা ভারতে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ বলেন, তৌহিদুল ও ইমরানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনা থানায় জমা দেওয়া হয়েছে।