পাবনা ও সিরাজগঞ্জ
দুটি পরিবহন সংগঠনের দ্বন্দ্বে জিম্মি হাজার যাত্রী
সংগঠন দুটি হলো পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শাহজাদপুর উপজেলা বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন।
পাবনা ও সিরাজগঞ্জের শাহজাদপুরের দুটি পরিবহন সংগঠনের দ্বন্দ্বে ১০ বছর ধরে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ দুটি সংগঠনের দ্বন্দ্বের জেরে প্রতিবছর চার থেকে পাঁচবার করে বাস চলাচল বন্ধ থাকছে। গত ১০ বছরে বাস বন্ধ থেকেছে অন্তত ৪০ বার।
সংগঠন দুটি হলো পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শাহজাদপুর উপজেলা বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন। সম্প্রতি এই দুই সংগঠনের দ্বন্দ্ব আরও বেড়েছে। এর জেরে গত বৃহস্পতিবার পর্যন্ত আট দিন ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার রাতে সাময়িকভাবে তা চালু হয়েছে। বিষয়টি নিয়ে আগামী সোমবার আবার বৈঠক করবে প্রশাসন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবারের বৈঠকে দুই সংগঠনের নেতাদের পরস্পরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ লক্ষ করা গেছে। তা সত্ত্বেও আগামী সোমবারের বৈঠকে আমরা সমস্যাটির স্থায়ী সমাধান করে দিতে পারব বলে আশা করছি।’
যাত্রী ও পরিবহনশ্রমিকেরা বলছেন, পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মধ্যস্থতায় আগামী সোমবার সংগঠন দুটির বৈঠক হবে। সেখানে বিবাদ না মিটলে পরদিন থেকে আবারও বাস বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যাত্রীরা এ দ্বন্দ্বের স্থায়ী সমাধান চান। এ ব্যাপারে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক ও ওয়াহিদুজ্জামান এবং সাঁথিয়ার কলেজশিক্ষক মনোয়ার হোসেন, আবদুল খালেকসহ ১০ জন বলেন, কয়েক দিন পরপর বাসমালিক ও শ্রমিকেরা বাস বন্ধ করে হাজারো যাত্রীকে দুর্ভোগে ফেলে দিচ্ছেন। বাসমালিক ও শ্রমিকদের এ দৌরাত্ম্য বন্ধ করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। আগামী বৈঠকে বিষয়টির স্থায়ী সমাধান চান তাঁরা।
সংগঠন দুটির সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন পাবনার বাস চলাচলে বাধা দেন ও কয়েকজন বাসশ্রমিককে মারধর করেন। এর প্রতিবাদে ওই রাত থেকে শাহজাদপুরের ওপর দিয়ে পাবনার ও পাবনার ওপর দিয়ে শাহজাদপুরের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ওই দিন বিকেলে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়। কিন্তু সেখানে বিষয়টির সমাধান হয়নি। এ কারণে আগামী সোমবার আবার বৈঠক ডাকা হয়। এ সময় পর্যন্ত পাবনা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত রাখতে রাজি হয়েছে। সোমবার বেড়া উপজেলা পরিষদের সভাকক্ষে ওই বৈঠক হবে। এতে পাবনা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও বেড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. রইসউদ্দিন বলেন, ‘শাহজাদপুর বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে আসছে। এর আগে এ নিয়ে বহুবার বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি। এবার আমরা বিষয়টির স্থায়ী সমাধান চাই।’
শাহাজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান আমরাও চাই। আলোচনায় বসলে যেকোনো সমস্যারই সমাধান হয়ে যায়। আশা করি, আগামী বৈঠকে সব সমাধান হয়ে যাবে।’