দুটি বাঘ দেখা যাওয়ার খবরে ভূরুঙ্গামারী সীমান্তে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, তাঁরা উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী গ্রামে গতকাল শনিবার রাতে দুটি বাঘ দেখতে পেয়েছেন। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মো. কফিলুর রহমান প্রথম আলোকে বলেন, ২৫ মার্চ গভীর রাতে বাঘের গোঙানির শব্দ শুনে তাঁর স্ত্রী তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে দুজন জানালা খুলে বাড়ির প্রবেশদ্বারে দুটি বাঘসদৃশ প্রাণী দেখতে পান। এলাকাবাসী তাঁর কথা প্রথমে বিশ্বাস না করলে পরদিন বিকেলেও স্থানীয় একটি বাঁশবাগানে প্রাণী দুটিকে দেখা যায়।

কফিলুরের স্ত্রী সাহেরা বেগম বলেন, গতকাল সন্ধ্যার পর ঝাকুয়াটারী সেতুর পাশে বাঘের মতো দুটি প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন অনেকে। ওই গ্রামের মইদাম দাখিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন জানান, গতকাল মাগরিবের পর তিনি তাঁর বাগানে কালো ডোরাকাটা চিতাবাঘসদৃশ দুটি প্রাণী দেখতে পেয়েছেন। তবে প্রাণী দুটি চিতা বাঘ না অন্য কোনো প্রাণী, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ওই এলাকার বাসিন্দাদের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা বন বিভাগকে জানিয়েছেন। তিনি বলেন, এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা ফাঁকা জায়গা ও নির্জন। সে জন্য অনেক সময় মেছো বাঘ ঢোকে। তিনি এলাকাবাসীকে প্রাণী দুটিকে হত্যা না করে বন বিভাগের কাছে হস্তান্তরের আহ্বান জানান।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে বন বিভাগের লোকজন ও বিজিবির সদস্যরা আছেন। এখন পর্যন্ত বাঘসদৃশ কোনো প্রাণী খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূরুঙ্গামারী সীমান্তে আট বছর আগে বাঘ দেখা গিয়েছিল। পুনরায় বাঘ দেখা দিলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।