নড়াইলের কালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার সমর্থকেরা দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং দুপুর ১২টার দিকে খাশিয়াল ইউনিয়নের টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, টুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাঠিসোঁটা নিয়ে নৌকার প্রার্থী হালিমা বেগমের সমর্থকেরা ভোটকেন্দ্রের মাঠে ঢোকার চেষ্টা করেন। তখন ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাঁদের ঠেকানোর চেষ্টা করে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও সিপিবির জেলা সভাপতি বরকত উল্লাহর সমর্থকেরা তা প্রতিহত করতে গেলে সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোটাররা ভয়ে ছোটাছুটি করেন, ভোটকেন্দ্র তখন ফাঁকা হয়ে যায়। এ ঘটনায় দুজন আহত হন।
কালিয়ার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোখসানা খাতুন জানান, এতে ভোট গ্রহণ স্থগিত হয়নি। ভোট গ্রহণ চলমান ছিল। আধঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত কয়েকজন লোক জানান, এ ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী তালুকদার রযিউল হাসানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন। তাঁরা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশ ও ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেন। তখন পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থকেরা জড়ো হন। এতে আবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কলাবাড়িয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি জানান, পুলিশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ব্যালট বাক্স ও ব্যালট পেপার তাঁরা নিতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ভোট স্বাভাবিকভাবে চলেছে।