মঠবাড়িয়া পৌরসভা
দুটি সড়ক সংস্কার হচ্ছে না, মানুষের ভোগান্তি
সামান্য বৃষ্টিতেই সড়ক কর্দমাক্ত হয়ে যায়। কয়েক বছর ধরে ভোগান্তিতে রয়েছে পৌরবাসী।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সাবরেজিস্ট্রার অফিস সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। কয়েক বছর ধরে ভোগান্তিতে রয়েছে পৌরবাসী। একইভাবে বেহাল ডাকবাংলো থেকে মৃধা বাড়ি পর্যন্ত সড়কটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া শহরের অন্যতম প্রধান সড়ক সাবরেজিস্ট্রার অফিস সড়ক। কয়েক বছর ধরে সড়কটি বেহাল। বৃষ্টি হলেই সড়কে পানি জমে। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে সাবরেজিস্ট্রার অফিস, সোনালী ব্যাংক, ডায়াবেটিক সমিতি, কেন্দ্রীয় জামে মসজিদ, মঠবাড়িয়া সরকারি কলেজ ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়।
গত সোমবার দুপুরে দেখা গেছে, সড়কটির ওপর কাদাপানি। পথচারীরা কাদার ওপর দিয়ে সাবধানে চলাচল করছে। এ সড়কের পাশেই দুলাল শীলের দোকান। তিনি বলেন, বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। গত রোববার রাতে সামান্য বৃষ্টি হয়েছিল। এতেই সড়কজুড়ে কাদামাটি। বর্ষায় সড়কটি আরও বেহাল হয়ে পড়ে।
এ দিকে পৌরসভার ডাকবাংলো থেকে মৃধা বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার সড়ক দুই বছর ধরে বেহাল। সড়কে অন্তত ২০টি গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে খানাখন্দে (গর্তে) আটকে পড়ে যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সড়কটি দিয়ে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দা চলাচল করে। এ ছাড়া মঠবাড়িয়া সদর ইউনিয়নের বকসির ঘটিচোরা গ্রাম ও টিকিকাটা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াতের জন্য সড়কটির ওপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ সড়কটির পৌরসভার অংশের ডাকবাংলো থেকে মৃধা বাড়ি পর্যন্ত তিন কিলোমিটারে অসংখ্য ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে যানবাহনের চাকা আটকে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
পৌরসভার সবুজনগর এলাকার বাসিন্দা আলতাফ হোসেন ফকির বলেন, এ সড়কে স্থানীয় সাংসদ রুস্তম আলী ফরাজীর বাড়ি। গুরুত্বপূর্ণ সড়কটি দুই বছর ধরে বেহাল। অথচ পৌর কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। নিরুপায় হয়ে স্থানীয় বাসিন্দারা নিজের টাকায় কয়েকবার সড়কের গর্তে ইটের খোয়া দিয়েছেন।
মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, সাবরেজিস্ট্রার অফিস সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এটি সংস্কার করতে হবে পৌরসভার অর্থায়নে। বর্তমানে এ খাতে বরাদ্দ দেওয়ার টাকা নেই।