দুটি হরিণের চামড়া উদ্ধার, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন থেকে শিকার করা দুটি হরিণের চামড়া জব্দ। শনিবার তোলা ছবি
সংগৃহীত

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে দুটি হরিণের চামড়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভোররাতে উপজেলার সোনাতলা গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মো. জাকির মল্লিক (৪৫), তাঁর ছেলে মো. ওমর সানী মল্লিক (১৯), দক্ষিণ রাজাপুর গ্রামের মো. মাসুম ফরাজী (৩০) ও একই গ্রামের মো. হাজিফুর পহলান (৩৫)। এ ঘটনায় শনিবার বিকেলে র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে শরণখোলা থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে।

র‌্যাব-৬–এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ প্রথম আলোকে বলেন, সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের চামড়া কেনাবেচার জন্য একটি চক্র শরণখোলা-সোনাতলা বেড়িবাঁধের কাঁচা রাস্তায় অবস্থান করছে—গোপনে এ খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোরে সেখানে অভিযানে যায়। এ সময় বাঁধের কাঁচা রাস্তার ওপর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। চক্রটি সুন্দরবন থেকে হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত। বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের পর তাঁদের শরণখোলা থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় র‌্যাব-৬–এর এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিকেলে থানায় একটি মামলা করেছেন। এক থেকে দেড় মাস আগে সুন্দরবন থেকে শিকারের পর চিত্রল হরিণের দুটি চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখা হয়েছিল বলে মনে হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি শরণখোলা থেকে ১টি বাঘের ও ২৩ জানুয়ারি ১৯টি হরিণের চামড়া উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।