দুদকের মামলায় সার্ভেয়ার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৭ সালে খুলনা–মোংলা রেলওয়ে জমি অধিগ্রহণের সময় মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয়বহির্ভূত সম্পর্দ অর্জন করে মানি লন্ডারিং করেছেন। ওই অভিযোগে গত ৫ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন।
দুদক খুলনার আইনজীবী খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমার্পণ করে আবারও জামিনের আবেদন করেন। ওই সময় জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন দুদকের আইনজীবী।

সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী। আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে সার্ভেয়ার কামাল হোসেনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।