দুদিনেও মেলেনি খালে তলিয়ে যাওয়া পথচারীর খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছালেহ আহমেদের সন্ধানে শমসেরপাড়া এলাকায় মির্জা খালে চালানো হয় অভিযান। চট্টগ্রাম শহর, ২৭ আগস্ট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চশমা খালে তলিয়ে যাওয়া ছালেহ আহমেদের (৫০) সন্ধান দুই দিনেও পাওয়া যায়নি। তবে তাঁর খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকালে নতুন এলাকায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক। তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে মুরাদপুরে চশমা খালে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আজ সকালে নগরের শমসেরপাড়া এলাকা দিয়ে প্রবাহিত মির্জা খালে অভিযান চালানো হচ্ছে। এতে ফায়ার সার্ভিসের সাতজন ডুবুরি কাজ করছেন।

নগরের চশমা খাল শুলকবহর এলাকার মির্জা খালের সঙ্গে মিশেছে। আর মির্জা খাল বিভিন্ন এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে যুক্ত হয়েছে।

টানা বৃষ্টিতে গত বুধবার চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা ডুবে যায়। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে পানিতে খাল, নালা ও রাস্তা একাকার হয়ে যায়। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে নগরের মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান ছালেহ আহমেদ। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে খুঁজতে অভিযান শুরু করে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।

ছালেহ আহমেদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরীফে যাওয়ার কথা ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা এলাকার বাসিন্দা ছালেহ আহমেদের চকবাজারের কাঁচাবাজারে দোকান আছে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন। আর ছালেহ আহমেদ থাকতেন চকবাজারে ভাড়া বাসায়।

নগরে জলাবদ্ধতার সময় গত ছয় বছরে নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন মারা যান গত ৩০ জুন। ওই দিন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়।