ব্যবসায়ী রাকিবুল হত্যা
দুদিনের রিমান্ডে আসামি রাব্বি, সাড়ে চার মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি
বগুড়া শহরে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া ব্যবসায়ী রাকিবুল হাসান ওরফে হৃদয় (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির অন্যতম মো. রাব্বির (২৪) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাব্বি গত ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আজ রোববার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারুলী ফাঁড়ির পরিদর্শক আনোয়ার আসামি রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বগুড়া আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি রাকিবুল হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. রাব্বির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী রাকিবুল হত্যা মামলার প্রধান আসামি স্বাধীন (২৩) সাড়ে চার মাসেও গ্রেপ্তার হননি। আলোচিত এই হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে প্রধান আসামি স্বাধীন ও তাঁর সহযোগী আশিক (২২) এখনো পলাতক। অন্য তিন আসামির মধ্যে দুজন জামিনে রয়েছেন।
গত ২০ জুলাই সন্ধ্যায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী রাকিবুল হাসানকে ছুরিকাহত করেন এলাকার বখাটে সন্ত্রাসীরা। এ সময় রাকিবুলকে রক্ষা করতে আসা তাঁর বাবা মামুনুর রশিদকেও ছুরিকাহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় নিজ বাসার নিচতলায় হৃদয় ভ্যারাইটি স্টোর নামে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে ব্যবসায়ী রাকিবুল হাসানকে ছুরিকাহত করেন এলাকার বখাটে সন্ত্রাসীরা। এ সময় রাকিবুলকে রক্ষা করতে আসা তাঁর বাবা মামুনুর রশিদকেও ছুরিকাহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মামুনুর রশিদ সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এস এইচ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ঈদের দিন সন্ধ্যায় রাকিবুলের মৃত্যু হয়। এ ঘটনায় রাকিবুলের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে ২২ জুলাই বগুড়া সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন শহরের ধাওয়াপাড়া এলাকার স্বাধীন, মো. রাব্বি, আশিক, শাকিল ও মতিন। এই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। স্বাধীন ও রাব্বি অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া শহরের নারুলী ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত সিংহভাগ শেষ হয়েছে। প্রধান আসামি পলাতক থাকলেও দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।